Ajker Patrika

ফ্যাক্টচেক /ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বিহারের

ফ্যাক্টচেক ডেস্ক
ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি বিহারের
ময়মনসিংহে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

‘দেশটা আর ভালো নেই। আবারও ময়মনসিংহে ৯ বছরের শিশুকে ভুট্টার জমিতে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। সারাদেশে ধর্ষণের মহা উৎসব চলছে!!’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে

‘R Iya D’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ‘Awami League News’ নামের গ্রুপে শেয়ার করা পোস্টটি আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত শেয়ার করা ওই ভিডিওটি প্রায় ৩৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ১ হাজার রিয়্যাকশন, ৬৩ কমেন্ট ও ২৫০ শেয়ার রয়েছে।

শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য মনে করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট
পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের শুরুতেই ৩৪ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে লাল জামা পরিহিত একটি মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ভিডিওতে একজনকে মেয়েটির মুখের উপর থেকে জামা সরিয়ে দিতে এবং কয়েকজনকে তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে ভিডিওর ঘটনাটিকে ময়মনসিংহের বলা হলেও, ময়মনসিংহের কোন এলাকায় এবং কবে এই ঘটনা ঘটেছে—সে সম্পর্কে কোনো তথ্য ভিডিওতে বা শেয়ার করা অ্যাকাউন্টগুলোর কোথাও পাওয়া যায়নি।

পরে ঘটনার প্রকৃত উৎস জানতে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘Hasan Shabab’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

গত ১ মার্চ পোস্ট করা ওই ভিডিওতে হিন্দি ভাষায় লেখা ক্যাপশনে দাবি করা হয়, (বিহারের কাটিহার) সন্দলপুর গ্রামে দেখুন, কীভাবে একটি শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।

ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট। ছবি: স্ক্রিনশট
ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে, ‘Bihar teen slits 9-year-old’s throat after she complained about his substance abuse’ —শিরোনামে চলতি বছরের ২ মার্চ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার সন্দলপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
ইন্ডিয়া টুডের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া, আলোচিত দাবিতে যেসব অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো প্রচার করা হয়েছে, সেগুলো পর্যালোচনায় দেখা যায়—অ্যাকাউন্টগুলোতে নিয়মিতভাবে আওয়ামী লীগকে সমর্থন করে এবং অন্যান্য দলে বিরুদ্ধে নানা ধরনের পোস্ট শেয়ার করা হয়।

সিদ্ধান্ত

ভারতের বিহারে এক শিশুকে হত্যার পুরোনো ভিডিওকে সম্প্রতি ময়মনসিংহে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত