টয়লেটের সামনে দাঁড়িয়ে আছেন মা-মেয়ে। ভেতরে ঢুকতে গিয়ে দুবার ফিরে এসেছেন। জায়গাটি স্যাঁতসেঁতে, দুর্গন্ধযুক্ত ও অন্ধকারাচ্ছন্ন। এর মধ্যেই একপাশে গোসল করছেন একজন পুরুষ। আরেক পাশে প্রস্রাব করছেন দুজন। টয়লেটের দেখাশোনার দায়িত্বেও আছেন একজন পুরুষ। উপায় খুঁজে না পেয়ে একপর্যায়ে নাকে কাপড় চেপে ভেতরে ঢুকলেন মা-মেয়ে।
গুলিস্তান পাবলিক টয়লেটের সামনে সম্প্রতি এমন দৃশ্য দেখা যায়। মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা না থাকায় এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন অনেকেই। সরেজমিনে দেখা যায়, ওই টয়লেটে পানি নেওয়ার পাত্রটির হাতলের একটি অংশ ভাঙা। ট্যাপ দিয়ে অনবরত পানি পড়ছে। দেয়ালজুড়ে লেখা অশ্লীল সব কথাবার্তা।
বেসরকারি সংস্থা ওয়াটার এইডের তথ্য অনুযায়ী, রাজধানীতে প্রতিদিন ৫০ লাখের বেশি মানুষ চলাচল করে। এতসংখ্যক মানুষের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সচল পাবলিক টয়লেট রয়েছে ১০৩টি। এর মধ্যে ডিএনসিসিতে ৪৩টি ও ডিএসসিসিতে ৬০টি। এদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত টয়লেট না থাকায় ফুটপাতসহ যত্রতত্র প্রস্রাব করছে পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, গুলশান ১ ও ২, বনানী, গুলিস্তান, আজিমপুরসহ বেশ কয়েকটি এলাকার পাবলিক টয়লেটেই স্বাভাবিক পরিবেশ নেই। কোথাও দরজা ভাঙা, স্যাঁতসেঁতে পরিবেশ, পর্যাপ্ত আলো-বাতাস নেই, অপরিচ্ছন্ন কমোড, কলগুলোর বেশির ভাগই নষ্ট। সবচেয়ে বেহাল চিত্র দেখা গেছে আজিমপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন পাবলিক টয়লেটটিতে। সেখানে দেখা যায় দরজাগুলো নড়বড়ে এবং কোনোটিতেই ছিটকিনি নেই। পানির পাইপ নষ্ট থাকায় বাইরে রাখা ড্রাম থেকে ভাঙা মগে করে পানি নিয়ে ব্যবহার করতে হয়। টয়লেটের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শাহনাজ বেগমের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে টাকা তোলার দায়িত্ব আমার। যারা ইজারা নিয়েছে, তারা ঠিক না করলে আমার তো কিছু করার নাই।’
পাবলিক টয়লেট ঘিরে রাজধানীবাসীর ভোগান্তির বিষয়ে পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, একটি আধুনিক শহর গড়ার অন্যতম অনুষঙ্গ পাবলিক টয়লেট। ভোগান্তি কমাতে দুই সিটি করপোরেশনে পাবলিক টয়লেট নির্মাণ আরও বাড়াতে হবে। শুধু বাড়ালেই হবে না, সেগুলো ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কি না, সে বিষয়েও তদারক করতে হবে।
ডিএসসিসি ও ডিএনসিসি সূত্রে জানা গেছে, পাবলিক টয়লেটগুলো ইজারা দেওয়ার সময় নিয়মিত পরিষ্কার করা, ব্লিচিং পাউডার ছিটানো, হাত ধোয়ার সাবান সরবরাহসহ বেশ কিছু শর্ত দেওয়া থাকে। চুক্তিতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার কথাও বলা আছে। কিন্তু বাস্তবে সেসব শর্ত মানেন না ইজারাদারেরা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘পাবলিক টয়লেটের মান সংরক্ষণে আমাদের পরিবেশ উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটি রয়েছে। এ কমিটি আন্তরিকভাবে কাজ করছে। জায়গার অভাবে আমাদের ২৭টি পাবলিক টয়লেটের কাজ ঝুলে আছে।’
স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, রাজধানীতে রাস্তায় প্রতি আধা কিলোমিটারে একটি টয়লেট দরকার। সে হিসাবে ঢাকার দুই সিটিতে অন্তত ৭০০ পাবলিক টয়লেট করা প্রয়োজন। যেগুলো স্বাস্থ্যসম্মতভাবে পরিচালনা করা দরকার।
সার্বিক বিষয়ে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের লক্ষ্য রাজধানীর ৭৫টি ওয়ার্ডে প্রথম পর্যায়ে কমপক্ষে যেন একটি করে পাবলিক টয়লেট নির্মাণ করা যায়। পরবর্তী সময়ে জরিপ করে প্রয়োজন অনুযায়ী আরও গণশৌচাগার নির্মাণ করা হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫