শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ধর্মে আছো জিরাফেও আছো’। অনেকে এ শিরোনামটিকে প্রবাদ হিসেবে ব্যবহার করে। কেন করে, এর গভীর অর্থ কিংবা উৎপত্তি কী—জানতে চাইলে অন্তর্জাল আপনাকে একটি গল্প দেখাবে। সেটির সত্যতা কতটুকু, এ বিষয়ে আলাপ না করে চলুন, গল্পটা জানা যাক।
জয়পুরের মহারাজ একবার তাঁর চিড়িয়াখানার জন্য আফ্রিকা থেকে একটি জিরাফ আনান। এমন ‘অদ্ভুত’ প্রাণী জয়পুর ও আশপাশের অঞ্চলের মানুষ আগে কখনো দেখেনি, এর সম্পর্কে কিছু শোনা তো দূরের ব্যাপার। লোকজন শুরুতে এই প্রাণী দেখতে ভিড় করে। কিন্তু অন্য রাজারা ঈর্ষান্বিত হয়ে ধর্মের দোহাই দিয়ে রটিয়ে দিল—এই অদ্ভুত দর্শন জন্তুর কথা হিন্দু, মুসলমান বা ঈসায়ী ধর্মগ্রন্থে কোথাও উল্লেখ নেই; তাই এটি ঈশ্বরের নয়, শয়তানের সৃষ্টি; একে দেখা পাপ; দেখলে নরকে যেতে হবে! এই ফতোয়া শুনে জিরাফের দর্শকসংখ্যা কমে গেলেও একে নিয়ে মানুষের কৌতূহল কমল না। তখন জয়পুরের রাজা চালাকি করে রাতের বেলায়ও অনেকক্ষণ চিড়িয়াখানা খোলা রাখলেন। দেখা গেল, দিনে যারা ধর্মের ফতোয়া দিয়ে জিরাফ দেখা থেকে বিরত থাকতে বলত, তারাই গত রাতের অন্ধকারে চুপিসারে চিড়িয়াখানায় যেত! ঘটনা জানতে পেরে মানুষ তাদের বলা শুরু করে—এই ব্যাটারা ধর্মে আছে, জিরাফেও আছে।
সোমবার আজকের পত্রিকায় প্রকাশিত একটি খবর পড়ে এ রকম কিছুই মনে হতে পারে। খবরটি এমন—এইচএসসি ও সমমানের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে পেয়ে কশিগাড়ী জামে মসজিদে বসে সেটির উত্তর তৈরি করা হচ্ছিল। মসজিদের পাশেই রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসাকেন্দ্রে পরীক্ষা চলছিল। উত্তরপত্র তৈরি হলে সরবরাহ করা হতো সেখানে। গোপন সংবাদ পেয়ে মসজিদে গিয়ে দুই মাদ্রাসাশিক্ষককে হাতেনাতে ধরেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের কশিগাড়ী জামে মসজিদ থেকে আটক করা হয় কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সুলতান হোসেন এবং দেওগাঁ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিমকে। এ সময় থানার পুলিশ তাঁদের কাছ থেকে জব্দ করে ৯টি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন। অভিযান হচ্ছে বুঝতে পেরে সেখানে থাকা আরও কয়েকজন শিক্ষক কৌশলে পালিয়ে যান।
এই শিক্ষক যাঁরা চৌর্যবৃত্তির সাহায্যে তাঁদের সন্তানসম শিক্ষার্থীদের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার ব্রত নিয়েছেন, তাঁরা দিনে ধর্মের ফতোয়া দিয়ে রাতে জিরাফ দেখতে চিড়িয়াখানায় যাওয়ার মতো মৌলবাদী নন কি? তাঁরা একদিকে সুশিক্ষাদানের মতো মহান কাজ করছেন এবং অপরদিকে কুশিক্ষার কাজও সারছেন।
এটা ভাবতেও এখন আর অবাক লাগে না যে মাদ্রাসাশিক্ষক হয়ে নিজেদেরই ধর্মীয় উপাসনালয়ে বসে তাঁরা অন্যায় বা অপরাধ করতে পারেন। কেননা ধর্ম, বিজ্ঞান কিংবা সামাজিক অবস্থান কোনো কিছুই মানুষের নীতিকে নির্ধারণ করে দিতে পারে না, যতক্ষণ ব্যক্তি নিজের ভেতরে অন্ধকারকে জিইয়ে রাখে—তা তিনি রাজা, মন্ত্রী, কোটাল যে-ই হোন না কেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫