
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত দেড় যুগে কোনো আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হননি। তবে এই সময়ে ইউনিয়ন পর্যায়ে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে প্রচার করে নৌকা প্রতীকে ভোট চাইছেন দলীয় নেতা-কর্মীরা। এদিকে জয়ের ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থীরাও নেমে পড়েছেন ভোটারের মন জয়ে। ফলে উপজেলার ৩ ইউপিতে আওয়ামী লীগের লড়াই হবে স্বতন্ত্রী প্রার্থীদের সঙ্গে।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীছড়ির তিন ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মোট প্রার্থী ১১৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন। তাঁদের পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ১০৬ প্রার্থী ভোটারদের কাছে নানা কৌশলে প্রচার চালাচ্ছেন।
লক্ষ্মীছড়ি সদর ইউপিতে ভোটার ৮ হাজার ৮৭২ জন। এখানে চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী উষাজাই চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে বর্তমান চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, মোটরসাইকেল প্রতীকে স্বপন চাকমা ও চশমা প্রতীকে জয়া চাকমা নির্বাচন করছেন।
এদিকে দূল্যাতলী ইউপিতে ভোটার ৫ হাজার ৮০৫ জন। চেয়ারম্যান পদে লড়ছেন নৌকা প্রতীকে উচাই প্রু মারমা ও চশমা প্রতীকে ত্রিলন চাকমা। এ ছাড়া বর্মাছড়ি ইউপিতে ভোটার ৫ হাজার ১৪৭ জন। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী নীলবর্ণ চাকমা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে হরিমোহন চাকমা, চশমা প্রতীকে পাইসুখই মারমা, টেবিল ফ্যান প্রতীকে লক্ষ্মীধন চাকমা ও আনারস প্রতীকে সুইশালা মারমা নির্বাচন করছেন।
গত রোববার উপজেলার সদরে সাপ্তাহিক হাটের দিনে তিন ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে গণসংযোগ চালিয়েছেন। দলীয় নেতাদের নিয়ে ভাসমান দোকানি ও দূর থেকে বাজারে আসা ভোটারদের হাতে লিফলেট ধরিয়ে দেন। অনুন্নত এই জনপদে উন্নয়নের স্বার্থে বিজয় সুনিশ্চিত করতে নৌকা প্রতীকে ভোট চাইতে দেখা গেছে তাঁদের।
নৌকা প্রতীকের প্রার্থী উষাজাই চৌধুরী, উচাই প্রু মারমা ও নীলবর্ণ চাকমা বলেন, পাহাড়কে অনুন্নত রেখে নিজের সুবিধা আদায়কারীরা নৌকা প্রতীকে ভোট প্রদান ও প্রচারে গোপনে বাধা সৃষ্টি করছে। সাধারণ ও সচেতন ভোটারেরা বিষয়টি অনুধাবন করে এ বছর নৌকা প্রতীকে ভোট দেবেন বলে মনে করেন তাঁরা।
এদিকে স্বতন্ত্র প্রার্থীদের দোকানপাটে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয়ে বসে ভোটারদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী প্রবিল কুমার চাকমা বলেন, ‘সদর ইউপির অসমাপ্ত উন্নয়ন শেষ করতে আমি আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে নেমেছি। মাঠের অবস্থা ভালো। আমি আবারও জনপ্রতিনিধি হওয়ার সম্ভাবনা দেখছি।’
ইউপি নির্বাচন বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, ‘পার্বত্য চুক্তির পর সদর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন বর্তমানে দলের সভাপতি ও জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী। তাঁর সময় এই জনপদে শুরু হওয়া আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কিন্তু দেড় যুগের বেশি সময় ধরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তৃণমূলে সেই উন্নয়ন হোক তাঁরা মন থেকে চান না। পক্ষান্তরে উন্নয়নে বাধা সৃষ্টি করেন। তাই লক্ষ্মীছড়িবাসীর উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেবেন বলে আমরা আশাবাদী।’
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কিরণ বিকাশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘লক্ষ্মীছড়ির ৩ ইউপির ২৭টি কেন্দ্রের ৬৬টি বুথে ভোটগ্রহণের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। তিনটির অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সেনাবাহিনীর সহযোগিতায় ব্যালট ও মালামাল নেওয়ার প্রস্তুতি রয়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫