আল্ট্রাস সার, রিয়াল মাদ্রিদ
ইউরোপীয় ফুটবলে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। শুধু মাঠের পারফরম্যান্সে নয়, মাঠের বাইরে সমর্থকদের উগ্র আচরণের জন্যও বেশ পরিচিত রিয়াল। রিয়ালের সবচেয়ে উগ্রপন্থী ভক্ত দল ‘আল্ট্রাস সার’ নামে পরিচিত। উগ্র আচরণের জন্য ২০১৩ সালে নিষিদ্ধ করা হয় গোষ্ঠীটি। তবে অনেকেই বলে থাকেন, ভেতরে-ভেতরে নাকি রিয়ালের সঙ্গে ঠিকই আঁতাত আছে সারের। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও নাকি তাদের আমন্ত্রণ জানাতে যাচ্ছেন রিয়াল সভাপতি।
দ্য দেলিজে, রেড স্টার বেলগ্রেড
খেলোয়াড়ি নৈপুণ্যের কারণে পরিচিতি খুব বেশি না হলেও বৈশ্বিকভাবে ‘রেড স্টার বেলগ্রেড’কে সবাই চেনে তাদের উগ্র ভক্তদের জন্য। গত কয়েক দশকে সার্বিয়ান এই ক্লাবটির পক্ষে রাস্তায় নেমে এবং গ্যালারিতে এসে দাঙ্গা-হাঙ্গামা করতে দেখা গেছে সমর্থকদের। এই সমর্থকদের ডাকা হয় ‘দ্য দেলিজে’ নামে। ক্রীড়াসাহিত্যিক ফ্রাঙ্কলিন ফয়ের তাঁর বই ‘হাউ সকার এক্সপ্লেইন দ্য ওয়ার্ল্ডে’ রেড স্টার বেলগ্রেডের উগ্র সমর্থকদের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত লিখেছেন।
দ্য নাইট ওয়াচম্যান, গালাতাসারাই
তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠ টার্ক ট্যালকম অ্যারেনাতে প্রতিপক্ষকে বরণ করা হয় ‘নরকে স্বাগতম’ লিখে। সবচেয়ে জোরে চিৎকার করতে পারা সমর্থক হিসেবে এই ক্লাবের ভক্তরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছে। এই সমর্থকদের একটা অংশ ‘দ্য নাইট ওয়াচম্যান’ নামেও পরিচিত।
লা ১২, বোকা জুনিয়র্স
ডিয়েগো ম্যারাডোনার ক্লাব বোকা জুনিয়র্সের সমর্থকেরা দাঙ্গাবাজ হিসেবেও সমান পরিচিত। বৈশ্বিকভাবে ফুটবলপ্রেমীরা তাদের চেনে ‘এল ১২’ নামে। প্রতিবেশী ক্লাব রিভার প্লেটের সঙ্গে সব সময় নিজেদের দ্বন্দ্বে জড়িয়ে রাখে তারা। ফুটবল মাঠে দাঙ্গা-হাঙ্গামা করা ছাড়াও অর্থ পাচার, গোলাগুলি, লুটপাটের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তারা।
আল মাসরি
দাঙ্গাবাজদের তালিকায় কেউ কেউ এক নম্বরে রাখে মোহামেদ সালাহর দেশ মিসরের ক্লাব আল মাসরিকে। ২০১২ সালে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল আহলিকে ৩-১ গোলে হারানোর পর দাঙ্গা বাধায় মাসরি। সেই দাঙ্গায় সব মিলিয়ে ৭৯ জন নিহত, আহত হয় হাজারেরও বেশি। প্রতিপক্ষ সমর্থকদের ওপর এমন হামলার ঘটনা ফুটবল ইতিহাসেই নজিরবিহীন।
বয়িক্সোস নোইস, বার্সেলোনা
উগ্রতা দেখানোর দিক থেকেও পিছিয়ে নেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ১৯৮০ দশকে বিচ্ছিন্নতাবাদী কাতালান গোষ্ঠীর ভেতর থেকে ‘বক্সিস নোইস (দ্য ক্রেজি বয়েস)’ নামে একদল ফুটবল-ভক্তের আবির্ভাব হয়। এরপর লম্বা সময় ধরে দাঙ্গা-হাঙ্গামায় যুক্ত তারা। ২০০৩ সালে ক্যাম্প ন্যুতে নিষিদ্ধ করা হয়েছে তাদের।










