
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন ছুটি। বহু মানুষ ছুটছে আপন ঠিকানায়। তবে বাগড়া দিয়েছে বৃষ্টি। সারা দেশে বৃষ্টিমুখর আবহাওয়ার কারণে ছুটির এই দিনগুলোতে হয়তো ঘরে বসেই থাকতে হবে। কারণ মৌসুমি বায়ু আর বঙ্গোপসাগরের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ভারী বৃষ্টি হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়, যার পরিমাণ ২০৬ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন আবহাওয়া আরও দুই থেকে তিন দিন থাকতে পারে।
আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি যদি নিম্নচাপে রূপ নেয়, তাহলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশের সব অঞ্চলেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। ঢাকায় গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮ মিলিমিটার, এরপর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কমে আসে। এ সময় বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বৃষ্টিও বাড়তে থাকে। সবশেষ রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় আরও ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বিভাগীয় শহরগুলোতে কম-বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৫৭, রংপুরে সামান্য হলেও পাশের জেলা দিনাজপুরে ১৪, সিলেটে ৩, চট্টগ্রামে কম হলেও পাশের অঞ্চল ফেনীতে ৬১, বরিশালে ৩৪ এবং খুলনায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তবে আজ থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, থেমে থেমে সারা দেশেই বৃষ্টি হবে। এভাবে আরও দুই-তিন দিন বৃষ্টি হতে পারে।
আশ্বিন মাসে এভাবে ভারী বৃষ্টির কারণ জানতে চাইলে তিনি বলেন, মৌসুমি বায়ু মাঝারি মাত্রায় শক্তিশালী অবস্থায় রয়েছে। এর সঙ্গে গতকাল রাতে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। মৌসুমি বায়ু আর লঘুচাপের প্রভাবে প্রচুর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই মেঘ উপকূল পেরিয়ে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে উত্তর দিকে। ফলে ভারী বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তবে ঢাকার মতো মধ্যাঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, লঘুচাপটি আগামীকাল অথবা এর পরদিন আরও শক্তি অর্জন করে নিম্নচাপে পরিণত হতে পারে। আপাতত মনে হচ্ছে এটি ভারতে অন্ধ্র প্রদেশ ও ওডিশার দিকে যেতে পারে। তেমনটি হলেও বাংলাদেশে আগামী কয়েক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিই থাকবে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
২১ ঘণ্টা আগে
ইরানের পশ্চিমাঞ্চলের দুর্গম জাগরোস পর্বতমালায় এমন এক বিরল সাপের দেখা মেলে, যার লেজের ডগা দেখতে অবিকল মাকড়সার মতো। সাপের এমন বৈশিষ্ট্য বিজ্ঞানীদের দীর্ঘদিন ধরেই বিস্মিত করেছে। এবার এক্স-রে প্রযুক্তিতে সাপটির লেজের ভেতরের গঠন পরীক্ষা করে গবেষকেরা আরও চমকপ্রদ তথ্য পেলেন।
১ দিন আগে
ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় এই অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
২ দিন আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৩ দিন আগে