
কয়েক সপ্তাহের প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ এরই মধ্যে শেষ বিকেলে রাজধানী ঢাকায় একপশলা বৃষ্টিও হয়ে গেছে। তবে এই বৃষ্টি গরম থেকে স্থায়ী স্বস্তি দেবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁদের মতে, আগামী কয়েক দিনে বৃষ্টি বাড়লেও মাঝেমধ্যে তাপমাত্রা আবারও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে, যা বৃষ্টিপাত বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির কারণে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। রবি ও সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এই মুহূর্তে তাপমাত্রা পুরোপুরি কমে যাবে, এমন সম্ভাবনা নেই। ফলে গরমের তীব্রতা চলতি মাসে থাকছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী দু-এক দিন দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ৯ ও ১০ জুন আবারও তাপমাত্রা বাড়তে পারে। পরে তা কিছুটা কমলেও এই সময়ে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে।’
ওমর ফারুক আরও বলেন, ‘মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হওয়ায় বৃষ্টিপাত বাড়ছে। তবে বৃষ্টি শুরু মানেই গরম পুরোপুরি বিদায় নিচ্ছে এমনটি বলা যাবে না; বরং জুন মাসজুড়ে তাপমাত্রার তারতম্য দেখা যেতে পারে।’
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জুনের দ্বিতীয় সপ্তাহে মৌসুমি বায়ুর বিস্তার আরও বাড়তে পারে। ফলে বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে। তবে একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এ ছাড়া রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।
১৫ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২ দিন আগে
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কক্সবাজারে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোয় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বুধবার এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ দিন আগে