দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কমছে না গরমের অস্বস্তি। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে এমন গরম অনুভূত হতে পারে। তবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির পরও গরমের অস্বস্তি কমছে না। আজ শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা ছিল, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তারপরও রাজধানীতে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ কয়েকটি এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী, যশোর, ফেনী, বান্দরবান, নোয়াখালী, মাদারীপুর ও গোপালগঞ্জের তাপমাত্রা তুলনামূলক বেশি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আগামী চার থেকে পাঁচ দিন দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় গরমের অনুভূতি অব্যাহত থাকবে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও সাময়িক স্বস্তি দিলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদেরা বলছেন, মে মাসের শেষ ভাগে মৌসুমি বায়ুর প্রভাব বাড়তে শুরু করলে বৃষ্টির প্রবণতাও বাড়বে। তখন ধীরে ধীরে তাপমাত্রা কমে কিছুটা স্বস্তি ফিরতে পারে জনজীবনে।

রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে সামান্য। দেশের অন্যান্য অঞ্চলেও আগের দিনের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১০৯ মিলিমিটার। আজ শুক্রবার ছুটির দিনে ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী।
১৫ ঘণ্টা আগে
দেশের বেশির ভাগ অঞ্চল গতকাল বুধবার ছিল বৃষ্টিশূন্য। এ কারণে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুর জেলার রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ দিন আগে
দেশের উত্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে। আবার দক্ষিণে খুলনা, বরিশালে তাপপ্রবাহ বয়ে চলছে। কিন্তু গরম পড়ছে সারা দেশেই। এই সময় বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। আবার বৃষ্টি বন্ধ থাকলে গরম বাড়বে।
৩ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
৪ দিন আগে