Ajker Patrika

রাজধানীতে ভয়াবহ বায়ুদূষণ, গুলশান-বারিধারার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯: ৩১
রাজধানীতে ভয়াবহ বায়ুদূষণ, গুলশান-বারিধারার বাতাস ‘দুর্যোগপূর্ণ’
ফাইল ছবি

ধোঁয়াশায় ঢাকা এক সকাল দেখল রাজধানীবাসী। তবে এ ধোঁয়াশায় কুয়াশার চেয়ে দূষণের মাত্রাই বেশি বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বায়ুমানের তালিকায় দেখা যায়, ঢাকার বাতাস দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে গুলশান-বারিধারা এলাকার অবস্থা সবচেয়ে শোচনীয়।

সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস। তবে শীতের মৌসুম আসার আগে ‘দুর্যোগপূর্ণ’ মাত্রার বায়দূষণ দেখা গেল। আইকিউএয়ারের সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ৩৩৬।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো— ভারতের কলকাতা (২৬৬, খুব অস্বাস্থ্যকর), পাকিস্তানের লাহোর (২১৯, খুব অস্বাস্থ্যকর), ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা (১৯৬, সবার জন্য অস্বাস্থ্যকর) ও আফগানিস্তানের কাবুল (১৮২, সবার জন্য অস্বাস্থ্যকর)।

একিউআই র‍্যাংকিংয়ে আরও দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা ভয়াবহ মাত্রায় বেড়ে গিয়েছে। এর মধ্যে গুলশান লেক পার্ক এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ৪৮৩, যা দুর্যোগপূর্ণ বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে— বসুন্ধরা আবাসিক এলাকা, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বারিধারা পার্ক রোড, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, বারিধারা লেকসাইড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, প্রগতি সরণি, ইস্টার্ন হাউজিং ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলো এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণ সংকটের জন্য দায়ী।

ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

বাতাসের এই বিপজ্জনক পরিস্থিতিতে করণীয়

অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী: শিশু, বয়স্ক, হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীরা সব ধরনের ঘরের বাইরে না যাওয়াই ভালো।

সাধারণ সুস্থ ব্যক্তি: তাদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করুন।

ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত