
আজও উন্নতি নেই ঢাকার বাতাসে। গত কয়েক দিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে রাজধানী শহরের বাতাস। আজ বাতাসে দূষণের মাত্রা আরও বেশি রেকর্ড করা হয়েছে।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৮৯, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। গতকাল মঙ্গলবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৭১। যদিও অবস্থানের দিক থেকে গতকালই এগিয়ে ছিল ঢাকা। গতকাল দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা।
অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে তালিকা করা হয় বিধায় অনেক সময়ই বায়ুমানের অবনতি সত্ত্বেও তালিকার পেছনে চলে যেতে পারে কোনো শহর, আবার দূষণ কম হলেও তালিকার শুরুর দিকে চলে আসতে পারে।
আজ বায়ুদূষণে শীর্ষে আছে ইরাকের বাগদাদ। শহরটির বায়ুমান ২৭৪, যা স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে—কুয়েতের কুয়েত সিটি (২৩২), পাকিস্তানের লাহোর (১৬৮) ও ভারতের দিল্লি (১৬৮)।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ–এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০–এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।
পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।

মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির মাংস কাটার জন্য কাটা হচ্ছে তেঁতুলগাছ। যেখানে এই গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। প্রতি ঈদে মাংস কাটার খাইট্টা তৈরিতে নিধন করা হচ্ছে অসংখ্য তেঁতুলগাছ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
নদী ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেলেন নদী গবেষক, সংগঠক ও লেখক শেখ রোকন। তিনি নদী সুরক্ষা বিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা ও মহাসচিব।
১ দিন আগে
এখন দিনের ব্যাপ্তি বেড়েছে। সূর্যের উজ্জ্বল কিরণ পড়ছে দীর্ঘ সময়। ফলে রাতের তাপমাত্রাও ২৩ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। এ ছাড়া বঙ্গোপসাগর থেকে আসা বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে।
১ দিন আগে