
অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসেই বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই ২০২০ সালের ২৭ নভেম্বর দাম্পত্য সম্পর্কের ইতি টানেন তাঁরা।
ওই সময় ফারিয়া জানিয়েছিলেন, দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় পারস্পরিক সম্মতিতে তাঁরা বিচ্ছেদের দিকে এগিয়েছেন।
কিন্তু ঠিক কী কারণে দাম্পত্য সম্পর্কের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন ফারিয়া? কতটা তিক্ত ছিল সেই অভিজ্ঞতা? এ নিয়ে বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর মুখ খুলেছেন ফারিয়া। জানিয়েছেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এলমা চৌধুরীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে নিজের কথাও বলেন ফারিয়া। বুধবার রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছিলেন, ‘মৃত মেয়েটার ছবি দেখার পর বার বার আমি দেড়/দুই বছর পিছনে ফিরে যাচ্ছিলাম। মনে পড়ছে, কিভাবে আমি দেবী সিনেমার পুরো প্রোমোশন ভাঙ্গা হাত নিয়ে করেছি। যখন কেউ জানতে চেয়েছে, কি হয়েছে? বলেছিলাম সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি! আমার সাহস ছিল না সবাইকে বলার যে কিভাবে ব্যথা পেয়েছি। কারণ আমি জানতাম এই মানুষটার সাথেই থাকতে হবে, নইলে মানুষ কি বলবে!’
কিন্তু বিচ্ছেদের এত দিন পর কেন নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন ফারিয়া। এ বিষয়টি ব্যাখ্যা করে বৃহস্পতিবার দুপুরে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
ইংরেজি ভাষায় লেখা ওই স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘আমার মনে হয়, বিষয়টি পরিষ্কার করা দরকার। কারও ভাবমূর্তি নষ্ট করার কিংবা অ্যাটেনশন পাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না (যদিও না চাইলেও আমি সব সময় অ্যাটেনশন পেয়ে যাই)। আগের পোস্টটি দেওয়ার মূল কারণ হলো, এই সমাজের প্রতি আঙুল তোলা।’
দুর্বিষহ এই ঘটনা সামনে আনা মোটেই সহজ ছিল না ফারিয়ার কাছে। সে জন্যই এতটা সময় লেগেছে বলে জানান তিনি। ফারিয়া লিখেছেন, ‘এই ঘটনা সামনে আনা মোটেও সহজ ছিল না। যদি হতো, তাহলে আরও আগেই এটা প্রকাশ্যে আনতাম। আমি দেখেছি, কীভাবে মানুষ পরিস্থিতি উল্টে আমার দিকে আঙুল তুলেছে। ঠিক এই কারণেই আমরা অনেক বেশি পারিবারিক নির্যাতন দেখছি। এই সমাজ পুরুষদের বাহবা দেয়, আর নারীকে লজ্জা দিতে পছন্দ করে। যদি তুমি মরে যাও, মানুষের মন খারাপ হবে। কিন্তু যদি তুমি নিজেকে রক্ষা করতে বিবাহবিচ্ছেদ করো, তাহলে ‘‘তুমি খারাপ’’।’
কিন্তু নিজের দাম্পত্যের অভিজ্ঞতা তিক্ত হলেও বিয়ের বিরুদ্ধে কিংবা বিচ্ছেদের পক্ষে নন ফারিয়া। কেউ তাঁর কাছে বিচ্ছেদের ব্যাপারে পরামর্শ চাইলে, তিনি সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন।
ফারিয়া লিখেছেন, ‘বিয়ে একটি অসাধারণ ব্যাপার। আমি বিচ্ছেদকে নিরুৎসাহিত করি। এমনকি আমার কোনো বন্ধু যদি ডিভোর্সের ব্যাপারে বলে, আমি তাদের প্রথমেই বলি, ‘‘সময় নাও’’। কেউ মারা গেলে সমাজের মানুষ কান্না করে। কিন্তু যখন কারও বিবাহবিচ্ছেদ হয়, পুরো ঘটনা জানার আগেই মানুষ ধরে নেয়, এটা নারীর ব্যর্থতা। তারা নারীর দোষ খুঁজতে চেষ্টা করে, তার চারিত্রিক সনদ অব্দি দিয়ে দেয়, আর আমরা সবাই হাসি!’

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৯ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৯ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৯ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৯ ঘণ্টা আগে