Ajker Patrika

অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’
‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব ফিল্মের পোস্টার

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নকে নিয়ে সিনেমা বানাবেন নির্মাতা রায়হান রাফী, আর সেরা তিন বিজয়ীকে নিয়ে ওয়েব ফিল্ম বানাবেন শিহাব শাহীন। এরই মধ্যে তিন লাক্স সুন্দরী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে শিহাব শাহীন বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। গতকাল ট্রেলার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। ২৯ অক্টোবর থেকে আইস্ক্রিনে দেখা যাবে ক্যাফে আমব্রেলা।

ক্যাফে আমব্রেলায় দেখা যাবে চার জুটির চার রকম ভালোবাসার গল্প। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি গল্পে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও আবেগের নানা প্রকাশ। বিদুষী বর্ণিতার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। নাযাহ নাওয়ারের সঙ্গে পার্থ শেখ এবং আমিনা ইসলামের সঙ্গে দেখা যাবে আরেফিন জিলানিকে। অন্য জুটিতে আছেন সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম।

এই ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে বিদুষী, নাযাহ ও আমিনার। তাই শুটিং শুরুর আগে তাঁদের নিয়ে প্রায় এক মাসের কর্মশালা করেছেন শিহাব শাহীন। প্রথম ওয়েব ফিল্মের অভিজ্ঞতা জানিয়ে লাক্স চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা বলেন, ‘লাক্সের পর এটা আমার প্রথম বড় কাজ। লাক্সের মেয়েরা একসঙ্গে কাজটি করেছি। রিহার্সালও একসঙ্গে হয়েছে। একসঙ্গে ক্যারিয়ারের শুরুর বিষয়টি খুব এক্সাইটিং। শিহাব শাহীন স্যার আমাদের অনেক সময় দিয়েছেন।’

ক্যাফে আমব্রেলা দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকলেও এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’ সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা আছে প্রথম রানারআপ নাযাহ নাওয়ারের। সেটি লাক্স সুন্দরী প্রতিযোগিতায় আসার আগে। সিরিজটি এখন মুক্তির অপেক্ষায়। নাযাহ বলেন, ‘লাক্স থেকে বেরিয়ে প্রথম কাজ শিহাব শাহীন স্যারের সঙ্গে। এটা আমার কাছে বড় সুযোগ মনে হয়েছে। নতুন হিসেবে যতটা সহযোগিতা আশা করেছিলাম নির্মাতা ও সহশিল্পীদের কাছে, তার চেয়ে বেশি পেয়েছি।’

দ্বিতীয় রানারআপ আমিনা ইসলাম বলেন, ‘ক্যাফে আমব্রেলা সারা জীবন মনে গেঁথে থাকবে। এই ওয়েব ফিল্ম দিয়ে ইন্ডাস্ট্রিতে আমার ডেব্যু হচ্ছে। পরিবারের সবাই খুব এক্সাইটেড। আশা করছি, দর্শদেরও ভালো লাগবে।’

নির্মাতা শিহাব শাহীন জানান, ক্যাফে আমব্রেলা বহু চরিত্রের সমান্তরাল গল্প। এতে চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মের চিত্রনাট্য তৈরি হয়েছে মানুষের আবেগ, ভালোবাসা আর সম্পর্ক ঘিরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত