দর্শকের উন্মাদনায় বাড়ছে ‘দার-এ-নিজাত’ সিরিজের পর্বসংখ্যা

এআরওয়াই ডিজিটালের ড্রামা সিরিজ ‘দার-এ-নিজাত’ শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশ, ভারত, নেপাল পেরিয়ে মধ্যপ্রাচ্যেও এখন তুমুল জনপ্রিয়। মূল চরিত্র আবু বকর ও যারিয়াবের গল্প শুধু পর্দায় আটকে নেই, তা যেন হয়ে উঠেছে লাখো দর্শকের জীবনের প্রতিচ্ছবি। ৩১টি পর্ব প্রচারের পর গতকাল এআরওয়াই ডিজিটাল জানিয়েছে, সব ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে এ পর্যন্ত ৩ দশমিক ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে নাটকটি।
সিরিজটির গল্প দিনদিন আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। নতুন কী চমক আসতে যাচ্ছে, সেই উত্তেজনার মধ্যে দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল, নাটকটি কি শেষের পথে? তবে ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, এখনই শেষ হচ্ছে না দার-এ-নিজাত।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সম্প্রতি ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও রিভিউয়ার সোনিয়া রাও জানিয়েছেন, শুরুতে নির্মাতাদের পরিকল্পনা ছিল সিরিজের গল্প ৩৮ পর্বে শেষ করার। কিন্তু বিশ্বজুড়ে দর্শকদের এমন অভাবনীয় সাড়া দেখে তাঁরা এটি ৪২ পর্ব পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় পর্ব সংখ্যা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে এখনো নির্মাতা কিংবা চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গত ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রতি শুক্র ও শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় দেখা যাচ্ছে দার-এ-নিজাত। গত শনিবার প্রচারিত ৩১তম পর্বটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। এত দিন আবু বকর ও যারিয়াবের মাঝে যে দূরত্ব ও মান-অভিমান ছিল, তা কাটতে শুরু করেছে। যারিয়াব অবশেষে আবু বকরের প্রতি তার ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে।
অন্যদিকে গল্পের অন্যতম রহস্যময় চরিত্র খুশবখতের অতীত থেকেও পর্দা উঠতে শুরু করেছে। সর্বশেষ পর্বে জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছিল আবু বকরের মা খুশবখত। তার অতীত জীবনের অজানা অধ্যায়গুলো তুলে ধরতে সিরিজে এন্ট্রি নিতে যাচ্ছেন অভিনেত্রী সেহর হাশমি। তিনি অভিনয় করেছেন খুশবখতের তরুণী বয়সের চরিত্রে। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দর্শকেরা জানতে পারবেন কেন এবং কীভাবে তাকে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল।
দার-এ-নিজাতের পর্বসংখ্যা বাড়ার খবরে স্বাভাবিকভাবে আনন্দিত দর্শকেরা। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নির্মাতাদের প্রতি অনুরোধ জানাচ্ছেন, শুধু পর্ব বাড়ানোর জন্য যেন গল্পকে অকারণে টেনে লম্বা করা না হয়।
লেখক উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় দার-এ-নিজাত প্রযোজনা করেছে থ্রিএস এন্টারটেইনমেন্ট। কেন্দ্রীয় চরিত্র আবু বকর ও যারিয়াব হিসেবে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিম। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন নামির নওয়াজ খান, সানিয়া সাঈদ, সাবা হামিদ, ফারহান তাহির, রোমাইসা খান ও নাদিয়া আফগান।









