Ajker Patrika

চার বছর পর গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ১২
চার বছর পর গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় পরীমনি
পরীমণি। ছবি: সংগৃহীত

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়। সর্বশেষ ২০২২ সালে ‘গুণিন’ সিনেমায় গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় কাজ করেন পরীমণি। এ সিনেমাটিও পরীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এতে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়িয়েছিলেন শরিফুল রাজের সঙ্গে। যদিও এই সম্পর্কের ইতি টেনেছেন আরও দুই বছর আগে। নতুন খবর হলো, চার বছর বিরতির পর আবার গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় একটি ওয়েব ফিল্মে কাজ করছেন পরী। ফিল্মের নাম ‘সেপারেশন’।

রাজধানীর ৩০০ ফুট এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে সেপারেশন ওয়েব ফিল্মের শুটিং। তবে নতুন ফিকশনের গল্প কিংবা পরীমনির চরিত্রটি কেমন—এসব বিষয়ে এখনো নির্মাতা ও শিল্পীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগে ওয়েব ফিল্মটি নিয়ে কথা বলতে রাজি নন তাঁরা।

জানা গেছে, এই ওয়েব ফিল্মে পরীমনির সঙ্গে আরও আছেন ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরব হোসেনকে। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

পরীমনিকে সবশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। ২০২৫ সালের জানুয়ারিতে এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় তাঁর। আরও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার প্রমুখ। ওটিটিতে পরীর সবশেষ কাজ ছিল অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজ।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি। সরকারি অনুদানে এটি বানিয়েছেন রেজা ঘটক। এ ছাড়া পরী চুক্তিবদ্ধ হয়েছেন সামছুল হুদার ‘গোলাপ’ ও লিসা গাজীর ‘শাস্তি’ সিনেমায়। গোলাপে তাঁর নায়ক নিরব হোসেন, আর শাস্তি সিনেমায় তাঁর সহশিল্পী চঞ্চল চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত