
গতকাল শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংগীতশিল্পী ফরিদা পারভীন। তাঁর মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান সংগীতশিল্পী কনকচাঁপা। সেখানে ফরিদা পারভীনকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কনকচাঁপা।
কনকচাঁপা বলেন, ‘ফরিদা পারভীন আপা লালনগীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেই পুরো জায়গাটা শূন্য করে নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। আধুনিক জীবনে আমরা যারা লালনগীতি শুনতাম, সেই জায়গা ফরিদা আপা সৃষ্টি করেছেন। যাঁরা লালন সাইজির আখড়ায় গান করেন, তাঁদের গান একরকম। সেই গান ওই জায়গা থেকে তুলে এনে আধুনিকায়ন করে আমাদের কাছে উপস্থাপন করেছেন তিনি।’
ফরিদা পারভীনের গান নিয়ে কনকচাঁপা আরও বলেন, ‘লালনগীতি ছাড়াও তাঁর কণ্ঠে দেশের গান জনপ্রিয়তা পেয়েছে। তাঁর গলার সুর ছিল তিরের মতো। তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আল্লাহ তাঁর এতটুকুই হায়াত রেখেছিলেন। কিন্তু উনার আরও দীর্ঘদিন বাঁচার দরকার ছিল আমাদের জন্য, বাংলাদেশের শ্রোতাদের জন্য, শিল্পীদের জন্য।’
একে একে ফরিদা পারভীনের মতো গুণী শিল্পীদের হারিয়ে নিজেকে অসহায় মনে করছেন কনকচাঁপা। তিনি বলেন, ‘সংগীতাঙ্গনে যাঁরা আমাদের মাথার ওপর বটবৃক্ষের মতো ছিলেন, তাঁদের অনেককেই হারিয়ে ফেলছি। অসহায় হয়ে যাচ্ছি। যে ভরাট সংগীতাঙ্গন দেখে বড় হয়েছি, ঋদ্ধ হয়েছি; সেই অঙ্গনের অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি।’
ফরিদা পারভীনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় অনেকে শোক প্রকাশ করছেন। তবে ভিন্ন চিত্রও আছে। তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানিয়ে কনকচাঁপা বলেন, ‘সাধারণ মানুষ নিজের সময়কে আনন্দময় করতে গান শোনেন। কিন্তু যখন একজন শিল্পী চলে যায়, তখন তারা পাপ-পূণ্য, বেহেশত-দোজখ—এসব নিয়ে এত কথা বলে! সেই মন্তব্যগুলো দেখলে আমরা ভীত হয়ে যাই। আমরা খুব ভেঙে পড়ি। একটা মানুষ মাত্রই মারা গেল, এখনো তাঁর মরদেহ দাফন করা হয়নি। এর মধ্যে শুরু হয়েছে কয় নাম্বার দোজখে যাবে, এমন আলাপ। যাঁরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাঁদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের শিল্পীদের এত পাপী ভাববেন না। শিল্পীরা একমাত্র জাতি যাদের কোনো ঘুষ খাওয়ার জায়গা নেই, দুর্নীতি করার জায়গা নেই, মিথ্যাচার ও অন্যায় করার জায়গা নেই।’

চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। এখনো দেশ-বিদেশের হলে চলছে সিনেমাটি। এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দম।
৫ ঘণ্টা আগে
গত সোমবার দিবাগত রাত ১টায় না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। তিনি একাধারে অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। মঞ্চনাটকে অসামান্য....
৭ ঘণ্টা আগে
১০ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ২০ মে, স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।
৮ ঘণ্টা আগে