
২০১৭ সালের শেষ দিকে ‘দাহকাল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা ধ্রুব হাসান। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। তবে বদলে যায় সিনেমার নাম ও গল্প। ২০২৪ সালে ‘ফাতিমা’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির দেড় বছর পর অভিনেত্রী নাজনীন হাসান চুমকী জানালেন, ২০১৭ সালে এই সিনেমায় যুক্ত ছিলেন তিনি। চুমকীর অভিযোগ, নতুনভাবে সিনেমার কাজ শুরু ও মুক্তি দেওয়া হলেও এ বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। এমনকি পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
২০১৮ সালের জানুয়ারিতে তোলা এই সিনেমার শুটিং সেটের ছবি ফেসবুকে শেয়ার করে গত বুধবার নাজনীন হাসান চুমকী লেখেন, ‘৮ বছর আগের মেমোরি এলো, সিনেমার শুটিংয়ের ছবি। পাবনা এবং সুনামগঞ্জ দুই লোকেশনের ছবি। সিনেমার নাম ছিল দাহকাল...অর্থনৈতিক এবং নানাবিধ জটিলতার কারণে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। হঠাৎ শুনি সিনেমাটির শুটিং হচ্ছে, নাম ফাতিমা। শুটিং শেষ হলে রিলিজ পেল, প্রশংসিত হলো, পুরস্কার পেল। গল্পও চেঞ্জ করা হলো, আর্টিস্টও অনেক চেঞ্জ হলো। সব ঠিক আছে, তবে পূর্ববর্তী আর্টিস্ট হিসেবে আমাকে (অন্যদের কথা জানি না) জানালেই কিন্তু হতো গল্পটা পরিবর্তন করে আমরা আবার শুটিং করছি। সেখানে আপনাকে লাগবে না। খুশি হতাম। কিন্তু তার প্রয়োজন বোধ করেনি...আর পূর্বের চুক্তিপত্রের অর্থনৈতিক বিষয়াদি তো বাদই।’

এত দিন পর এমন অভিযোগের কারণ জানিয়ে চুমকী লেখেন, ‘ভেবেছিলাম, এ নিয়ে কথা বলব না, তুলব না...কিন্তু যা হয়েছে, তা না বলার কী আছে! বানিয়ে তো আর বলছি না...প্রমাণ আছে প্রতিনিয়ত এভাবেই এগিয়ে চলেছে আমাদের বাংলাদেশের মিডিয়া।’
চুমকীর অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করলে নির্মাতা ধ্রুব হাসান বিস্ময় প্রকাশ করে জানান, কোনো অভিযোগ থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারতেন চুমকী। ধ্রুব হাসান বলেন, ‘নতুন করে শুটিংয়ে যাওয়ার আগে কাস্টিং ডিরেক্টর সব আর্টিস্টকে জানিয়ে দিয়েছিলেন আগের সিনেমাটি আর হচ্ছে না। নতুন করে যে সিনেমার শুটিং হবে সেখানে অনেকে থাকবেন না। অনেকে এ নিয়ে আমার সঙ্গে কথাও বলেছিলেন। ফাতিমার স্পেশাল স্ক্রিনিংয়ের সময়ও দাহকালের সঙ্গে যুক্ত সবাইকে দাওয়াত করা হয়েছে। যদি তাঁকে (নাজনীন হাসান চুমকী) না জানানো হয় আমি দুঃখিত। কিন্তু বিষয়টি তিনি আমাকে জানাতে পারতেন। নাজনীন হাসান চুমকীর সঙ্গে আমার পরিচয় নতুন নয়। ২০০৯ সাল থেকে আমাদের পরিচয়। শিল্পী হিসেবে যেকোনো বিষয়ে অভিমান থাকতেই পারে। তিনি আমাকে ফোন করতে পারতেন, অন্তত একটা খুদেবার্তা পাঠাতে পারতেন। এত দিন পর এ নিয়ে কেন এসব বলছেন, সেটা আমার বোধগম্য নয়।’
পারিশ্রমিক বকেয়ার বিষয়ে নির্মাতা বলেন, ‘দাহকাল সিনেমায় কাজ করা যেসব শিল্পী ফাতিমা সিনেমায় বাদ পড়েছিলেন, তাঁদের খুব কম শুটিং হয়েছিল। কিন্তু সবাইকে চুক্তির ৫০ ভাগ টাকা আগেই দেওয়া হয়েছিল। ধরা যাক কারও ১০ দিনের শিডিউল নিয়েছি। পাঁচ দিনের টাকা আগেই পরিশোধ করেছি। কিন্তু সেই শিল্পীর হয়তো দুই দিনের শুটিং করার পর কাজটি আর হলো না। তিনি হয়তো বলতে পারেন, আমার ১০ দিনের শিডিউল নেওয়া হয়েছে। কিন্তু আমাদের সেই কাজটি যেমন হয়নি, আমরা কারও কাছে সম্মানীও ফেরত চাইনি।’
ফাতিমা ও সুবর্ণা নামের দুটি মেয়ের জীবনের নানা উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি ফাতিমা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৪ সালের ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তির আগে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ফাতিমার। উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পান ফারিণ।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
২ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
৫ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
৬ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
৬ ঘণ্টা আগে