
মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৫ আগস্ট আয়োজন করা হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদযাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় দর্শকসারি থেকে পানির বোতল ছুড়ে মারলে তা আর্ক ব্যান্ডের হাসানের গায়ে এসে পড়ে। এতে বিব্রত হয়ে পড়েন হাসান। এ ঘটনার নিন্দা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনসহ (বামবা) সংগীতাঙ্গনের মানুষেরা।
৫ আগস্ট সন্ধ্যার পর হাসান স্টেজে উঠলে দর্শকসারি থেকে অনেকে ‘ভুয়া ভুয়া’ বলতে থাকেন। তিনি যখন ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গাইছিলেন, সে সময় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল উড়ে এসে তাঁর মুখে লাগে। এতে হতবাক ও বিব্রত হয়ে পড়েন হাসান, গান থামিয়ে দেন। তবে পরক্ষণেই আবার গান গাওয়া চালিয়ে যান।
বোতল ছোড়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দেখে দুঃখ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সংগীত জগতের মানুষেরা।
এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বামবার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আর্ক ব্যান্ডের কিংবদন্তি ভোকাল হাসানকে লক্ষ্য করে গতকালের মানিক মিয়া অ্যাভিনিউর অনুষ্ঠানে বোতল নিক্ষেপের মতো জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনা পুরো ব্যান্ডসংগীত অঙ্গনের জন্য চরম অপমান। ...এই ধরনের জঘন্য কাজ যারা করেছে, তাদের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য আয়োজকদের অবশ্যই প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
সংগীতশিল্পী রবি চৌধুরী লেখেন, ‘এইসব কিছু কুলাঙ্গারের জন্য, সংস্কৃতি এবং দেশ প্রশ্নবিদ্ধ হয়।...আয়োজকদের উচিত, আর্মি, বিডিআর, পুলিশ দিয়ে এসব বড় বড় কনসার্ট নজরদারি করা, আগামীতে নিশ্চয়ই সেদিকে নজর দেবেন...খুব দুঃখজনক।’
গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ বলেন, ‘মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাঁকে বোতল ছুড়ে মেরেছে কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া ভুয়া বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে এসেছিল তারা? বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ওখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা ছিল। ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন?’
সংগীতশিল্পী লুৎফর হাসান বলেন, ‘আমরা লজ্জিত, প্রিয় হাসান ভাই। আমাদের ক্ষমা করবেন। আমরা আপনাকে অসম্মানিত হওয়া থেকে রক্ষা করতে পারলাম না।’
সংগীতশিল্পী সাব্বির জামান বলেন, ‘যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ সুরকার প্লাবন কোরেশী লেখেন, ‘যে এই অসভ্যতা করেছে, তার কিংবা সমাজের অথবা দেশের কী লাভ হলো? আমাদেরকে ক্ষমা করবেন হাসান ভাই।’

আজ ২২ শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নানা আয়োজন সাজিয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। নির্বাচিত কয়েকটি চ্যানেলের আয়োজনের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া উৎসবের ৮৩তম আসরে রিজোন্তি কম্পিটিশন বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক প্রিমিয়ারের আগে আরও এক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অন্তর্ভুক্তির খবর...
১৩ ঘণ্টা আগে
২০১০ সালে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। ১৬ বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির শততম মঞ্চায়ন। ২২ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে হাঁড়ি ফাটিবে নাটকের শততম প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রায় তিন দশক ধরে কাজ করছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৯৯৮ সালে ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’ সংস্থার মাধ্যমে এ কাজ শুরু করেন তিনি। পরে ২০২১ সালে পরিবেশ বিজ্ঞানী ও গবেষকদের যুক্ত করে এ ফাউন্ডেশনকে বিস্তৃত করে নতুন নাম দেন ‘রি: ওয়াইল্ড’।
১৩ ঘণ্টা আগে