
মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৫ আগস্ট আয়োজন করা হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় দর্শকসারি থেকে পানির বোতল ছুড়ে মারলে তা আর্ক ব্যান্ডের হাসানের গায়ে এসে পড়ে। এতে বিব্রত হন হাসান। এ ঘটনার নিন্দা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনসহ (বামবা) সংগীতাঙ্গনের মানুষেরা।
৫ আগস্ট সন্ধ্যার পর হাসান স্টেজে উঠলে দর্শকসারি থেকে অনেকে ‘ভুয়া ভুয়া’ বলতে থাকেন। তিনি যখন ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গাইছিলেন, সে সময় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল উড়ে এসে তাঁর মুখে লাগে। এতে হতবাক ও বিব্রত হন হাসান, গান থামিয়ে দেন। তবে পরক্ষণেই আবার গান গাওয়া চালিয়ে যান।
বোতল ছোড়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দেখে দুঃখ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সংগীতজগতের মানুষেরা।
এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বামবার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আর্ক ব্যান্ডের কিংবদন্তি ভোকাল হাসানকে লক্ষ্য করে গতকালের মানিক মিয়া অ্যাভিনিউর অনুষ্ঠানে বোতল নিক্ষেপের মতো জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনা পুরো ব্যান্ডসংগীত অঙ্গনের জন্য চরম অপমান। …এই ধরনের জঘন্য কাজ যারা করেছে, তাদের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য আয়োজকদের অবশ্যই প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
সংগীতশিল্পী রবি চৌধুরী লেখেন, ‘এইসব কিছু কুলাঙ্গারের জন্য সংস্কৃতি এবং দেশ প্রশ্নবিদ্ধ হয়।...আয়োজকদের উচিত, আর্মি, বিডিআর, পুলিশ দিয়ে এসব বড় বড় কনসার্ট নজরদারি করা, আগামীতে নিশ্চয়ই সেদিকে নজর দেবেন...খুব দুঃখজনক।’
গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ বলেন, ‘মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাঁকে বোতল ছুড়ে মেরেছে কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া ভুয়া বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে এসেছিল তারা? বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ওখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা ছিল। ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন?’
সংগীতশিল্পী লুৎফর হাসান বলেন, ‘আমরা লজ্জিত, প্রিয় হাসান ভাই। আমাদের ক্ষমা করবেন। আমরা আপনাকে অসম্মানিত হওয়া থেকে রক্ষা করতে পারলাম না।’ সংগীতশিল্পী সাব্বির জামান বলেন, ‘যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সুরকার প্লাবন কোরেশী লেখেন, ‘যে এই অসভ্যতা করেছে, তার কিংবা সমাজের অথবা দেশের কী লাভ হলো? আমাদেরকে ক্ষমা করবেন হাসান ভাই।’

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তবে এখনো তিনি মিস করেন ক্যাসেট, সিডিসহ পূর্ণাঙ্গ অডিও অ্যালবামের সময়কে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন পর গান প্রকাশের সেই পুরোনো ফরম্যাটে ফিরছেন ফাহমিদা নবী।
২ ঘণ্টা আগে
মস্তিষ্কে টিউমার আক্রান্ত হওয়ার পর গত বছর এপ্রিল থেকে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ সময় বাইরে থাকায় দেশের জন্য মন কাঁদছিল তাঁর। মিস করছিলেন আত্মীয়স্বজনকে। নিসচা নিয়েও ছিল চিন্তা। তাঁর হাতে গড়া প্ল্যাটফর্মটির কার্যক্র
২ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত কনসার্টে পারফর্ম করার সময় দর্শকসারি থেকে পানির বোতল ছুড়ে মারলে তা আর্ক ব্যান্ডের হাসানের গায়ে এসে পড়ে। এ ঘটনার নিন্দা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনসহ (বামবা) সংগীতাঙ্গনের মানুষেরা।
১৪ ঘণ্টা আগে