বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
ব্যান্ডটির রেকর্ড লেবেল জেওয়াইপি এক বিবৃতিতে জানিয়েছে, এবারের গ্র্যামির জন্য স্ট্রে কিডস কোনো গান জমা দেয়নি। ২০২৭ সালের গ্র্যামির আসরে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে নতুন একটি বিভাগ যুক্ত করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামির আসরে ‘কে-পপ ডেমন হান্টারস’ সিনেমার ‘গোল্ডেন’ গানটি প্রথমবারের মতো কে-পপ হিসেবে গ্র্যামি জেতে। এরপর গত জুনে গ্র্যামি অ্যাওয়ার্ডসের আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমি এশিয়ান পপের জন্য আলাদা বিভাগ চালুর ঘোষণা দেয়। কোরিয়ার কে-পপ, জাপানের জে-পপ কিংবা চীনের সি-পপের মতো এশীয় অঞ্চলের জনপ্রিয় সংগীতকর্মকে স্বীকৃতি দেওয়া হবে এ বিভাগে।
অনেকে এটিকে এশীয় সংগীতের স্বীকৃতি হিসেবে দেখলেও, বিশ্লেষকদের একটি বড় অংশ এর সমালোচনা করছেন। তাঁদের মতে, এই নতুন আঞ্চলিক ক্যাটাগরির ফলে এশীয় শিল্পীদের গ্র্যামির মূল বা শীর্ষ ক্যাটাগরিগুলো (যেমন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বা ‘রেকর্ড অব দ্য ইয়ার’) থেকে আলাদা করে একঘরে করে ফেলার ঝুঁকি তৈরি হয়েছে। অঞ্চল বা ভাষার ভিত্তিতে সংগীতের এই বিভাজনের প্রতিবাদেই বিটিএস ও স্ট্রে কিডস গ্র্যামি বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
তবে তীব্র বিতর্ক ও কে-পপ তারকাদের বয়কটের মুখেও ২০২৭ সালের আসরে এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স বিভাগটি বহাল রাখার ঘোষণা দিয়েছে গ্র্যামি কর্তৃপক্ষ। রেকর্ডিং একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা হার্ভি মেসন জুনিয়র সম্প্রতি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে সবার মধ্যে ঐকমত্য না থাকলেও সিদ্ধান্ত থেকে সরছে না একাডেমি।
বিবৃতিতে হার্ভি মেসন জুনিয়র বলেন, ‘আমরা এশিয়ান সংগীত জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছি। এই ক্যাটাগরির বিরুদ্ধে কিছু মতামত থাকলেও এর পক্ষে জোরালো সমর্থনই আমরা বেশি পেয়েছি। আমরা বুঝি, এই সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট হবেন না। কিন্তু সামগ্রিকভাবে সংগীত জগতের জন্য এটিই সঠিক পদক্ষেপ বলে আমরা বিশ্বাস করি।’
একাডেমি আরও জানিয়েছে, নতুন ক্যাটাগরি হওয়া সত্ত্বেও এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স বিভাগের জন্য এরই মধ্যে বিপুলসংখ্যক গান জমা পড়েছে।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১২ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১২ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
২১ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১ দিন আগে