নতুন সিনেমা আসছে ব্র্যাড পিটের। ‘এফ ওয়ান’ নামের সিনেমাটি ২৭ জুন মুক্তি পাবে বিশ্বব্যাপী। তার আগে ২৩ জুন এফ ওয়ানের প্রিমিয়ার হয়ে গেল লন্ডনের লেস্টার স্কয়ারে। সেখানে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন টম ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটের সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন ক্রুজ। একসঙ্গে সিনেমা দেখলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন।
হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। কারণ, প্রায় ২৪ বছর পর একসঙ্গে প্রকাশ্যে পাওয়া গেল তাঁদের। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্ট দেখতে গিয়ে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন তাঁরা।
ক্রুজ ও পিট এ বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে। ইথান হান্ট হয়ে ফিরেই ওপেনিং উইকেন্ডে ২০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে রেকর্ড গড়েছেন টম ক্রুজ। মে মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এ পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে। টম ক্রুজের আরেকটি সফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’-এর নির্মাতা জোসেফ কোসিনস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন এফ ওয়ান। এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনেক দিন ধরে।
স্পোর্টস সিনেমা এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। যিনি নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিলেন। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাঁকে। বর্তমানে তিনি ট্যাক্সি চালান, সাধারণ জীবনযাপন করেন। তাঁকে আবার রেসের মাঠে ফিরিয়ে আনেন পুরোনো এক বন্ধু। মোটাদাগে এটাই এফ ওয়ান সিনেমার গল্প। ট্রেলারে এ সিনেমার বিশাল আয়োজন দেখে চোখ ধাঁধিয়ে যায়। আসল ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার মাঠ আর মাঠের উত্তেজনা নির্মাতা যেন পুরোটাই তুলে এনেছেন এই সিনেমায়।
শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দুঃসাহসী চালক হিসেবে কতটা মন জয় করতে পারেন ব্র্যাড পিট—দেখার অপেক্ষায় সবাই। তাঁকে এ রূপে দেখে খুশি টম ক্রুজও। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে তিনিও খুশি। কারণ, বাস্তবেও ব্র্যাড পিট খুব ভালো ড্রাইভার। একসঙ্গে রেসও খেলেছেন তাঁরা। তাই প্রিয় বন্ধুর বহুল প্রতীক্ষিত সিনেমা একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি টম ক্রুজ।
এফ ওয়ানের প্রিমিয়ারে ক্রুজ ও পিটের পুনর্মিলনী প্রত্যাশা তৈরি করেছে, হয়তো শিগগির সিনেমায়ও একসঙ্গে পাওয়া যাবে তাঁদের! ১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইদ দ্য ভ্যাম্পায়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। তিন দশক পর নতুন কোনো কাজে যদি তাঁরা একত্র হন, তাহলে সেটা হবে হলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংবাদ!

ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ মিনিট আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৩ ঘণ্টা আগে
গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১৩ ঘণ্টা আগে