
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের। ওই সময় অনেক নির্মাতা তাঁদের নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। তবে এই জুটির পথে বাধা হয়ে দাঁড়ান শরিফুল রাজের তৎকালীন স্ত্রী চিত্রনায়িকা পরীমণি।
পরাণ সিনেমা মুক্তির সময় থেকে পর্দার বাইরেও রাজ-মিমের ভালো সম্পর্ক গড়ে ওঠে। সিয়াম আহমেদের সঙ্গে মিলে রাজ ও মিম দামাল সিনেমার স্বত্বও কিনে নেন। এটাই কাল হয়ে দাঁড়ায় এই জুটির জন্য। রাজ-মিমের ‘ঘনিষ্ঠতা’ মেনে নিতে পারেননি পরীমণি। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, রাজের সঙ্গে মিমের ঘনিষ্ঠতা তাঁর সংসারে সমস্যা সৃষ্টি করছে। মিমকে নিয়ে নানা কটূক্তিও করেন পরী। এর পরিপ্রেক্ষিতে রাজের সঙ্গে আর সিনেমা না করার ঘোষণা দেন মিম। ফলে দুই সিনেমার পর ভেঙে যায় রাজ-মিম জুটি।
সময় বদলেছে, বদলেছে পরিস্থিতি। রাজের সঙ্গে পরীর সংসার ভেঙেছে। মিমের সিদ্ধান্তেও এসেছে পরিবর্তন। তাই পর্দায় আবার একসঙ্গে ফিরছেন তাঁরা। তিন বছরের বেশি সময় পর পরিচালক আলভী আহমেদের হাত ধরে ফিরছে রাজ-মিম জুটি। সরকারি অনুদানে নির্মিত ‘জীবন অপেরা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা আলভী আহমেদ।
কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে ফেরার ইঙ্গিত দেন মিম। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে মিম লেখেন, ‘পরবর্তী কাজ আসছে, অনুমান করুন আমার সঙ্গে কে?’ চেহারা না দেখা গেলেও নেটিজেনরা অনুমান করে নেন মিমের সঙ্গে থাকা ব্যক্তিটি শরিফুল রাজ। সেই অনুমানে সিলমোহর দিলেন নির্মাতা। জানালেন, কয়েক দিন আগে সিনেমার গল্প নিয়ে আলাপের সময় ক্যামেরাবন্দী হয়েছিলেন রাজ ও মিম। সে ছবিটিই ফেসবুকে পোস্ট করেন মিম। এটি সিনেমার লুক নয়।
জীবন অপেরা দিয়ে এক দশক পর সিনেমা নির্মাণে ফিরছেন লেখক ও নির্মাতা আলভী আহমেদ। জনপ্রিয় অনেক নাটকের এই নির্মাতার প্রথম সিনেমা ‘ইউটার্ন’ মুক্তি পায় ২০১৫ সালে। প্রেক্ষাগৃহে তেমন সাড়া জাগাতে পারেনি সিনেমাটি। পরবর্তী সময়ে নির্মাণে তাঁকে তেমন দেখা যায়নি, মনোযোগ দেন লেখালেখিতে। গত কয়েক বছরে লেখক হিসেবে আলভী আহমেদ পাঠকদের মাঝে তৈরি করেছেন আলাদা অবস্থান। তাঁর লেখা উল্লেখযোগ্য বই হলো ‘গোস্টরাইটার’, ‘ফোর ইজ টু ওয়ান’, ‘ব্লাইন্ড স্পট’, ‘লোনলি অক্টোবর’, ‘আফরিন’, অনুবাদ গ্রন্থ ‘পিনবল ১৯৭৩’, ‘নরওয়েজিন উড’ ইত্যাদি।
জীবন অপেরাও আলভী নির্মাণ করছেন তাঁর লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। গল্পের কেন্দ্রে রয়েছে রফিক নামের এক ব্যক্তি। তার দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। এক জীবনে সে ব্যর্থ প্রেমিক, তার প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করে। অন্য জীবনে তারা সুখে সংসার করছে। রফিক ও শারমিন চরিত্রে অভিনয় করবেন রাজ ও মিম। তাঁদের সঙ্গে আরও থাকছেন মোস্তাফিজ নূর ইমরান।
নির্মাতা জানান, এখন পুরোদমে সিনেমার প্রস্তুতি নিচ্ছে জীবন অপেরা টিম। সবকিছু ঠিক থাকলে রোজার ঈদের পর আগামী এপ্রিলে শুটিং শুরুর পরিকল্পনা তাঁদের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
৪ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে