সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
ঢাকার বিভিন্ন লোকেশনে এখন চলছে ওয়েব ফিল্মটির শুটিং। এখনো নাম চূড়ান্ত হয়নি। গল্প নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না নির্মাতা। শুধু জানালেন, থ্রিলার ঘরানার গল্পটি দর্শকের কাছে উপভোগ্য হবে বলেই বিশ্বাস তাঁর। নির্মাতা সুমন ধর বলেন, ‘এটি মূলত গল্পনির্ভর একটি কাজ। চরিত্রের প্রয়োজনে এতে ইরফান সাজ্জাদ, ভাবনা ও দীঘিকে নেওয়া হয়েছে। শিল্পীরাও তাঁদের সেরাটা দিয়ে কাজ করছেন। আশা করছি দর্শক কাজটি উপভোগ করবেন।’
দীঘি বলেন, ‘সুমন ধর সব সময় ভিন্ন ঘরানার গল্পে কাজ করতে পছন্দ করেন। এবারও তেমন একটি গল্প বেছে নিয়েছেন। এর আগে দুটি কাজ করার অভিজ্ঞতা আছে আমার। দুটি ওয়েব ফিল্ম থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করছি এবারও সবার ভালো লাগবে।’
ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব একসঙ্গে পর্দায় হাজির হলেও এবারই প্রথম এই দুজনের সঙ্গে অভিনয় করছেন দীঘি। অভিনেত্রী বলেন, ‘দুজনের সঙ্গে প্রথমবার কাজ করলেও অভিজ্ঞতা অনেক ভালো। তারা খুব সাপোর্টিভ। আমরা খুব মজা করে শুটিং করছি।’ ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী ইরফান সাজ্জাদও।
নির্মাতা জানান, ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে আগামী রোজার ঈদকে কেন্দ্র করে। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা জানাননি নির্মাতা। শিগগির আনুষ্ঠানিকভাবে এই ওয়েব ফিল্মের নাম এবং প্রচারের প্ল্যাটফর্ম ঘোষণা করা হবে বলে জানান তিনি।

গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
৯ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
৯ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১৮ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১৯ ঘণ্টা আগে