
৮ ডিসেম্বর ছিল অভিনেতা আফরান নিশোর জন্মদিন। প্রতিবছরের মতো এবারও তাঁর ভক্তরা দিনটি উদ্যাপন করলেন বিশেষ আয়োজনে। তবে ‘দম’ সিনেমার শুটিংয়ে কাজাখস্তানে থাকায় অনেকে ধরে নিয়েছিলেন, এই আয়োজনে উপস্থিত থাকতে পারবেন না নিশো। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে ভক্তদের সঙ্গে নিজের জন্মদিন উদ্যাপনে উপস্থিত হয়েছিলেন তিনি।
কাজাখস্তানে শুটিং শেষ হয়েছে ৬ ডিসেম্বর। দেশে ফিরেই ভক্তদের আমন্ত্রণে নিজের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন নিশো। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দম সিনেমার পরিচালক রেদওয়ান রনি ও নায়িকা পূজা চেরি। স্বাভাবিকভাবে উঠে আসে দম সিনেমার প্রসঙ্গ। নির্মাতা জানালেন, কতটা কঠিন পরিস্থিতির মাঝে শুটিং করেছেন তাঁরা। একদিন পাহাড়ে শুটিং করতে গিয়ে হাত কেটে যায় নিশোর। তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়নি। কারণ, শুটিং হয়েছে দুর্গম এলাকায়। তবু থেমে যাননি নিশো, আহত অবস্থায় ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং চালিয়ে গেছেন।
দম সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নিশো বলেন, ‘আমরা সবাই চাই গল্প, চাই পারফরম্যান্স। দম সিনেমার মতো একটি গল্পের দায়িত্ব আমার কাঁধে, এটা আমার কাছে আশীর্বাদের মতো। এটা যদি ঠিকমতো পালন করতে না পারি, তাহলে কীভাবে হবে? আমি জানি, একজন সিনিয়র হিসেবে টিমের স্পিড অনেকটাই আমার ওপর নির্ভর করে। তখন এই হাত কাটা, পা কাটা, সেখানে মেডিকেল সাপোর্ট এল কি এল না, এসব কোনো বিষয় না। এ ছাড়া আমাদের খুব টাইট শিডিউল ছিল। সেখানে ১০ মিনিটের একটা বিরতি মানে শিডিউল ফেল করা। আমি দাবি নিয়ে বলতে পারি, এই সিনেমায় টিমের সবাই যতটা কষ্ট নিয়ে কাজ করেছে, এত কষ্ট কোনো প্রোডাকশনে করতে হয়নি। অনেক প্রতিবন্ধকতা ছিল সেখানে।’
নানা প্রতিবন্ধকতা থাকলেও নির্ধারিত সময়ে কাজাখস্তানের শুটিং শেষ করেছে দম টিম। নিশো বলেন, ‘বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে দায়িত্বটা বেড়ে যায়। এখানে নিজেকে শুধু অভিনেতা হিসেবে ভাবিনি। ভেবেছি, আমিও নির্মাতার একটি অংশ। আমরা যে ওয়েদারে কাজ করেছি, সেখানে ২টার সময় সূর্যের আলো থাকে না। আমরা কখনোই ভাবি নাই, সানলাইট ২টার সময় চলে যায়। এত জটিলতার পরেও আমরা এক দিনও বেশি শুটিং করি নাই। নির্ধারিত সময়েই কাজ শেষ করেছি। সিনেমাসংশ্লিষ্টদের কাছে আমরা আমাদের কথা রেখেছি।’
দম সিনেমার গল্প নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না এই অভিনেতা। শুধু জানালেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি। তিনি আশা করেন, গল্পটি সবাই উপভোগ করবে এবং সিনেমাটি দেখার পর সবাই গর্ব করবে যে এটি বাংলাদেশের সিনেমা।
কাজাখস্তানে শুটিং শেষে এবার দমের শুটিং হবে দেশে। কয়েকটা দিন বিশ্রাম নিয়ে আবার লাইট, ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনয়শিল্পীরা। নিশো, পূজা চেরির সঙ্গে এতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দম।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
৪ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
৪ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
৪ ঘণ্টা আগে