Ajker Patrika

বক্স অফিসে দুই এশীয় সিনেমার দাপট

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮: ৪০
বক্স অফিসে দুই এশীয় সিনেমার দাপট
‘রামায়ণ’ সিনেমার দৃশ্য

হলিউডকে পেছনে ফেলে আন্তর্জাতিক বক্স অফিসে দাপট দেখাচ্ছে দুই এশীয় সিনেমা। জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’ ও ভারতীয় সিনেমা ‘রামায়ণ’ মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে বিশাল অঙ্কের ব্যবসা করেছে। বিশেষ করে প্রিমিয়াম লার্জ ফরম্যাট এবং আইম্যাক্স স্ক্রিনে সিনেমা দুটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।

সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, বিশ্বজুড়ে বক্স অফিসে সবচেয়ে এগিয়ে আছে গডজিলা মাইনাস জিরো। মুক্তির প্রথম সপ্তাহান্তেই (রোববার পর্যন্ত) বিশ্বব্যাপী ৬৩ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। লাইভ-অ্যাকশন বিদেশি ভাষার সিনেমা হিসেবে উদ্বোধনী আয়ের দিক থেকে এটি এখন সর্বকালের সেরা। সিনেমাটির মোট আয়ের একটি বড় অংশ এসেছে আইম্যাক্স স্ক্রিন থেকে। বিশ্বব্যাপী আইম্যাক্স থেকে এর আয় ২১ দশমিক ৩ মিলিয়ন ডলার, যা মোট আয়ের ৩৪ শতাংশ। জাপানি কোনো সিনেমার আইম্যাক্স ওপেনিংয়ের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড।

২০২৩ সালের অস্কারজয়ী ‘গডজিলা মাইনাস ওয়ান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর পরিচালক তাকাশি ইয়ামাজাকি নির্মাণ করেছেন এর সিক্যুয়েল গডজিলা মাইনাস জিরো। সিনেমার কাহিনি শুরু হয়েছে ১৯৪৯ সালের প্রেক্ষাপটে, অর্থাৎ আগের সিনেমার ঘটনার ঠিক দুই বছর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও গডজিলার ধ্বংসযজ্ঞের পর জাপান যখন সবেমাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই তিন মাথাওয়ালা ভয়ংকর দানবের হামলার শিকার হয় দেশটি। শহরগুলো আবারও ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। মানুষের সব অস্ত্র ও কৌশল ব্যর্থ হওয়ার পর সমুদ্র থেকে ফিরে আসে গডজিলা। দুই দানবের এই মহাকাব্যিক লড়াই দেখতেই প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক।

‘গডজিলা মাইনাস জিরো’ সিনেমার দৃশ্য
‘গডজিলা মাইনাস জিরো’ সিনেমার দৃশ্য

পিছিয়ে নেই রামায়ণও। ভ্যারাইটির তথ্যমতে, রণবীর কাপুর, ইয়াশ ও সাই পল্লবী অভিনীত সিনেমাটি প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৫৫ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করে ভারতীয় সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়েছে। আর ভারতীয় বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি।

১৩০টির বেশি দেশে, ১০ হাজারের বেশি স্ক্রিনে এবং ১৭টি ভাষায় মুক্তি পেয়েছে রামায়ণ, যা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় রিলিজ। নভেম্বর মাসজুড়ে ইন্দোনেশিয়া, হংকং, মেক্সিকো, ব্রাজিল, ইতালি, পোল্যান্ডসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ১২ নভেম্বর হংকংয়ে মুক্তির পর এই আয় আরও বহুগুণ বাড়বে বলে আশাবাদী ট্রেড অ্যানালিস্টরা।

বিশ্বব্যাপী বক্স অফিসে এই দুটি সিনেমার পাশাপাশি ওয়ার্নার ব্রাদার্সের অ্যানিমেটেড সিনেমা ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ প্রথম সপ্তাহান্তে ৩০ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত