
মুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে সিনেমার প্রযোজক ও নির্মাতা প্রতিবাদ জানালেও চুপ ছিলেন শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে পাইরেসির বিরুদ্ধে কথা বললেন ঢাকাই সিনেমার এই নায়ক। গত রোববার তাণ্ডবের বিশেষ প্রদর্শনীতে এসে শাকিব জানালেন, পাইরেসি শুধু সিনেমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।
শাকিব খান বলেন, ‘সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ, কৃষ্টি, কালচার, তার সভ্যতা, তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে আজ সারা বিশ্বে চলছে। এটা আমাদের গর্বের বিষয়। অথচ, এ সময়ে এসে পাইরেসি করে দেওয়া হচ্ছে। একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। গত ঈদেও “বরবাদ”-এর সময় অল্প কদিনের মধ্যে পাইরেসি হয়ে গেল। এবার তো প্রথম সপ্তাহে হয়ে গেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে, সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।’
পাইরেসির কারণে সিঙ্গেল স্ক্রিনে প্রভাব পড়লেও মাল্টিপ্লেক্সগুলোতে এখন দাপটের সঙ্গে চলছে তাণ্ডব। প্রতিদিন সিনেমাটি দেখতে ভিড় করছে দর্শক। দর্শকদের ধন্যবাদ জানিয়ে শাকিব বললেন, পাইরেসির বিরুদ্ধে দর্শক দাঁতভাঙা জবাব দিয়েছে। শাকিবের ভাষ্য, ‘মুক্তির প্রথম সপ্তাহেই একটা কুচক্রী মহল পাইরেসি করে ঘরে ঘরে পাইরেটেড কপি পৌঁছে দিল। তারপরেও দেশের মানুষ হলে এসে সিনেমা দেখছেন। তাঁরাই আসলে দাঁতভাঙা জবাবটি দিয়ে দিল যে, আমরা পাইরেটেড কপি দেখব না। আমরা হলে গিয়েই সিনেমা দেখতে চাই। তাঁদের কাছে অনেক কৃতজ্ঞতা। সব সময় তাঁরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমাকে ভালোবেসে হোক বা বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক, সবাই হলে ছুটে আসছেন।’
পাইরেসি ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন শাকিব খান। তাঁর মতে, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের পাশাপাশি সোচ্চার হতে হবে দর্শকদেরও। শাকিব বলেন, ‘পাইরেসির বিরুদ্ধে চলচ্চিত্রের মানুষদের যেমন একসঙ্গে কাজ করতে হবে, তেমনিভাবে কাজ করতে হবে দেশের প্রতিটি মানুষকে। কারণ চলচ্চিত্র শুধু সংশ্লিষ্টদের নয়, এটি সবার। চলচ্চিত্রের ওপর আমার যেমন অধিকার, তেমনি দেশের প্রতিটি মানুষের সমান অধিকার। চলচ্চিত্রের উন্নতির জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিবাদ করতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। সবাই একসঙ্গে মিলে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব।’
সম্প্রতি, তাণ্ডব পাইরেসির সঙ্গে জড়িত তিনজনকে আটক করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে শাকিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। তারা অতি দ্রুত পদক্ষেপ নিয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যারা দেশের সংস্কৃতির বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
১৯ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
২০ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
২০ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
২১ ঘণ্টা আগে