ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন নাজিফা তুষি। এ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও আবার অন্তরালে চলে যান। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তাঁর। অবশেষে এ বছর একাধিক সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন তুষি।
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের। এরপর মুক্তি দেওয়া হবে দেশের হলে। আন্ধার ও সখী রঙ্গমালাও এ বছর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতারা।
দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রসঙ্গে আজকের পত্রিকাকে তুষি বলেন, ‘হাওয়ার পর বেশ কয়েকটি কাজ করেছি। আশা করছি, এ বছর আমার কাজগুলো দর্শকের সামনে আসবে। এর মধ্যে তিনটি সিনেমার ঘোষণা এসেছে। তিনটি তিন রকম সিনেমা। তিনজন ভিন্ন নির্মাতা, ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র।’
রইদে নাজিফা তুষির চরিত্রের কোনো নাম নেই। তার পরিচয় ‘সাদুর বউ’। সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। তুষি জানান, এ চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। কোনো মেকআপ ব্যবহার করেননি, এমনকি ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন তুষি।
এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা সিনেমায় তুষি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সখী রঙ্গমালায়। এতেও তুষির সহশিল্পী মোস্তাফিজ নূর ইমরান। আরও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। শুটিং শেষে এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।
আর আন্ধার নির্মিত হচ্ছে ভৌতিক গল্পে; যেখানে তুষিকে দেখা যাবে নাদিয়া চরিত্রে। তবে এখনই সিনেমার গল্প নিয়ে বিস্তারিত জানাতে চান না তিনি। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, মোস্তফা মনওয়ার প্রমুখ। গত নভেম্বরে শুটিং শেষে নির্মাতা জানিয়েছিলেন, সম্পাদনার কাজ শেষে এ বছর মুক্তি পাবে আন্ধার।
এদিকে কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, রায়হান রাফীর আরেকটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তুষি। ‘প্রেশার কুকার’ নামের সিনেমাটি তৈরি হচ্ছে নারীকেন্দ্রিক গল্পে। তবে এখনই সিনেমা নিয়ে কোনো কথা বলতে রাজি নন অভিনেত্রী। জানালেন, টিম থেকে নিষেধ আছে সিনেমাটি নিয়ে কোনো কথা বলার ব্যাপারে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
৯ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১২ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১৩ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১৩ ঘণ্টা আগে