
বলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
দুজনেই ঠোঁটকাটা স্বভাবের। উচিত কথা মুখের ওপর বলতে একবারও ভাবেন না। বলিউডে তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার কাজলের। সিনেমার বাইরে বিভিন্ন সাক্ষাৎকার কিংবা সোশ্যাল মিডিয়া উপস্থিতিতে তাঁর পরোয়াহীন চরিত্রের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, টুইঙ্কেল খান্না তো স্যাটায়ারে সিদ্ধহস্ত। এক সময়ের এই অভিনেত্রী পরবর্তী সময়ে লেখিকা ও কলামিস্ট হিসেবেই পরিচিতি পেয়েছেন বেশি। সমসাময়িক ভারতীয় সমাজের ওপর লেখা তাঁর কলাম এবং বই যেমন সমালোচিত হয়েছে, তেমন পাঠকদের প্রশংসাও কুড়িয়েছে।
এবার এ দুজনকে দেখা যাবে একসঙ্গে। প্রাইম ভিডিও আনছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ নামের নতুন টক শো। যেখানে এক ফ্রেমে ধরা দেবেন কাজল আর টুইঙ্কেল খান্না। এই ‘আনস্ক্রিপ্টেড’ টক শোতে যা ঘটবে, তা আগাম আন্দাজ করা খুবই কঠিন। নামী বলিউড তারকারা থাকবেন অতিথি হিসেবে, কিন্তু কথা হবে কোনো ফিল্টার ছাড়াই। সোজাসুজি তির্যক প্রশ্ন, অপ্রত্যাশিত স্বীকারোক্তি আর নির্ভেজাল হিউমার—এককথায় ঝাঁজালো বিনোদন মিলবে এই শোতে।
শোটি নিয়ে সব চেয়ে মজার প্রতিক্রিয়া এল টুইঙ্কেল খান্নার স্বামী তথা বলিউড তারকা অক্ষয় কুমারের কাছ থেকে। অনুষ্ঠানটির পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি মজার ভঙ্গিতে লিখেছেন, ‘এই দুজনকে এক ফ্রেমে দেখেই ভয় লাগছে, ভাবতে পারছি না শোতে ঠিক কী হবে!’
যেভাবে ‘কফি উইথ করণ’ বা ‘নো ফিল্টার নেহা’ টক শো জনপ্রিয়তা পেয়েছে, কাজল-টুইঙ্কেলের এ শোর ক্ষেত্রে তা যেন আরও কয়েক গুণ বিস্ফোরক। শোনা যাচ্ছে, অতিথি তালিকায় থাকছে শাহরুখ খান থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কারিনা কাপুর, রিতেশ-জেনেলিয়া—একের পর এক চমকপ্রদ নাম।
টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল টক শোটি প্রযোজনা করছে বানিজে এশিয়া। ‘টেম্পটেশন আইল্যান্ড’, ‘এমটিভি রোডিস’, ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’, ‘দ্য নাইট ম্যানেজার’, ‘হোস্টেস’-এর মতো অসংখ্য জনপ্রিয় কনটেন্টের নির্মাতা প্রতিষ্ঠান এটি।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৮ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে