বলিউডের প্রথম ডন অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পায় চন্দ্রা বারোট পরিচালিত ‘ডন’। এতে ডন হয়ে সাড়া ফেলেন অমিতাভ। পরবর্তী সময়ে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি কিনে নেন ডন ফ্র্যাঞ্চাইজি। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে আবার তৈরি হয় ‘ডন’। ফারহান আখতার নির্মিত সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানান তিনি।
ফারহান নির্মিত ডনের দুই পর্বে শাহরুখ ছিলেন ডন, আর ইন্টারপোল অফিসার রোমার চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ডনকে হত্যার মিশনে নামে রোমা। তবে পরবর্তী সময়ে ডনের প্রেমে পড়ে সে। ডনের দুই পর্বে আলোচিত হয় শাহরুখ-প্রিয়াঙ্কা চোপড়া জুটির রসায়ন। তবে সে-ই শেষ। ২০১১ সালে ডন টুর পর আর কখনো একত্রে কাজ করেননি শাহরুখ-প্রিয়াঙ্কা।
এত দিন পর ডনের সিকুয়েল নির্মাণ করতে চলেছেন ফারহান আখতার। আগেই এ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাহরুখ। কারণ হিসেবে জানিয়েছেন, এ চরিত্রে তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। শাহরুখ সরে দাঁড়ানোর পর নতুন ডন হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন নির্মাতা। আর রোমা চরিত্রে প্রথমে নেওয়া হয়েছিল কিয়ারা আদভানিকে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। গুঞ্জন আছে, তাঁর বদলে রণবীরের বিপরীতে নেওয়া হয়েছে কৃতি শ্যাননকে। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে ডন থ্রির শুটিং। মুক্তি পাবে ওই বছরের ডিসেম্বরে।
সম্প্রতি বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডন হিসেবে না থাকলেও ডন থ্রিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যদিও তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে তা খোলাসা করা হয়নি। ফারহান আখতার ইতিমধ্যেই শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছেন। নির্মাতারা তাঁর চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন। শাহরুখও নাকি সম্মতি জানিয়েছেন এতে অভিনয়ের ব্যাপারে।
ডন থ্রিতে প্রিয়াঙ্কা চোপড়ারও ফেরার খবর শোনা যাচ্ছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডনের দুই পর্বে রোমা চরিত্রে অভিনয়ের পর তৃতীয় পর্বেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। যদি তা সত্যি হয়, তবে ১৫ বছর পর একসঙ্গে পাওয়া যাবে শাহরুখ-প্রিয়াঙ্কাকে।
বলিউডে দীর্ঘদিন ধরে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন ছিল। ডনে অভিনয়ের সূত্রে কাছাকাছি আসেন তাঁরা। ওই সময় শুটিংয়ের বাইরেও তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যেত। অনেক পরিচালক-প্রযোজককে তাঁদের সিনেমায় প্রিয়াঙ্কাকে নেওয়ার অনুরোধও করেছিলেন শাহরুখ।
তবে শাহরুখের স্ত্রী গৌরী খানের আপত্তিতে তাঁদের সম্পর্কে ছেদ পড়ে। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন শাহরুখ। বলিউডে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন প্রিয়াঙ্কা। বলিউডে তাঁর কাজ কমতে থাকে। হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে হলিউডে সুযোগ খুঁজতে থাকেন প্রিয়াঙ্কা। সে মিশনে সফল হয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি হলিউডের একজন পরিচিত মুখ।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে