Ajker Patrika

ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান

আজকের পত্রিকা ডেস্ক­
ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান
ইমরান খান, রাজ ঠাকরে ও আমির খান। ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিক ও বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই আইনি ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন তাঁর মামা, বিশিষ্ট অভিনেতা আমির খান।

গত রোববার মুম্বাইয়ে রাজ ঠাকরের বাসভবনে যান আমির খান। তবে এটি কেবলই সৌজন্যমূলক নাকি ভাগনে ইমরানের বিষয়ে কোনো রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতার অংশ, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আমির খান ও রাজ ঠাকরের মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি আগেও দেখা গেছে। তবে অভিনেতা ইমরান খান ভারত ছাড়ার নোটিশ পাওয়ার পর এবং এই আদেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরপরই এই বৈঠক হওয়ায় এটি বাড়তি দৃষ্টি আকর্ষণ করেছে।

বৈঠকের কারণ নিয়ে আমির খান বা এমএনএস—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

৪৪ বছর বয়সী অভিনেতা ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাঁর ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে।

অভিযোগ উঠেছে, গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে তিনি অংশ নেন। নাগরিকত্বের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

ভারতের অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত আইন অনুযায়ী, কোনো বিদেশি নাগরিকের স্থানীয় রাজনৈতিক বা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে কড়াকড়ি রয়েছে। একজন বিদেশি নাগরিক হয়েও তিনি কীভাবে ওই কর্মসূচিতে যোগ দিলেন—এই প্রশ্ন তুলে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ইমরান খান তাঁর আইনজীবীর মাধ্যমে এই নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন।

পিটিশনে ভারত ছাড়ার নোটিশকে ‘অসাংবিধানিক, একতরফা এবং এখতিয়ারবহির্ভূত’ বলে দাবি করা হয়েছে। আদালতে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নোটিশের ওপর স্থগিতাদেশ চেয়েছেন এই অভিনেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত