Ajker Patrika

দুই সপ্তাহের আগেই ঈদের সিনেমার আমেজ শেষ

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা

ঢাকাই সিনেমাকে এখন বলা হয় ঈদকেন্দ্রিক সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর প্রেক্ষাগৃহ খালি থাকলেও ঈদের সময় দেখা যায় দর্শকের ভিড়। কমপক্ষে এক মাস সিনেমা হলগুলো জমিয়ে ব্যবসা করে। মাঝেমধ্যে সময়টা মাস পেরিয়ে আরও দীর্ঘ হয়েছে। সিনেপ্লেক্সে সিনেমা দেখতে কাটতে হয়েছে অগ্রিম টিকিট, তাতেও পছন্দের সময় অনুযায়ী টিকিট মেলেনি—এমন ঘটনাও ঘটেছে। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ কোরবানির ঈদ পর্যন্ত চুটিয়ে ব্যবসা করেছে সিনেপ্লেক্সগুলোতে। তবে এবারের দৃশ্যপট যেন একেবারে উল্টো। দুই সপ্তাহ পার হওয়ার আগেই শেষ হয়ে গেছে ঈদের সিনেমার আমেজ।

এই কোরবানির ঈদে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা—‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। তবে কোনো সিনেমাই প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। মুক্তির প্রথম দিন থেকে ঈদের সিনেমাগুলো নিয়ে দর্শকের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। হল থেকে বেরিয়ে অনেকে যেমন সিনেমার প্রশংসা করছেন, তেমনি সমালোচনাও করছেন কেউ কেউ। তবে হলমালিকেরা ভেবেছিলেন সময়ের সঙ্গে বাড়বে দর্শক উপস্থিতি। তা হয়নি। বরং দিনে দিনে কমেছে দর্শক।

আগামীকাল দুই সপ্তাহ পূরণ করবে ঈদের সিনেমাগুলো। এর মাঝেই ফাঁকা হয়ে গেছে সিনেমা হল। গতকাল স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা যায়, বেশির ভাগ শোর সিট ফাঁকা। তাই ঈদের সিনেমার সঙ্গে ‘মাইকেল’, ‘সিকিন নাইন’সহ মোট চারটি বিদেশি সিনেমা চালাচ্ছে স্টার সিনেপ্লেক্স। এই শুক্রবার থেকে নতুন আরও একটি হলিউড সিনেমা দেখা যাবে সিনেপ্লেক্সে। একই অবস্থা যমুনা ব্লকবাস্টারেও। অথচ, গত কয়েক বছরের ঈদে দেশি সিনেমার চাপে বিদেশি সিনেমার প্রদর্শনী বন্ধ রাখতে হয়েছিল সিনেপ্লেক্সগুলোতে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, তাঁরা এবারের ঈদের সিনেমা নিয়ে হতাশ। কোনো সিনেমাই প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে ঈদের সময় সাফল্যের যে ধারা চলছিল, এবার তা ভেঙে দিয়েছে। কোনো সিনেমাই আমাদের প্রত্যাশিত বর্ডার লাইন অতিক্রম করতে পারেনি। মন্দের ভালো হিসেবে রকস্টার, রইদ এবং বনলতা সেন মোটামুটি চলছে।’

সিঙ্গেল স্ক্রিন মালিকদের হতাশা যেন আরও বেশি। প্রতি ঈদে শাকিব খানের সিনেমা দেখতে দর্শকের লম্বা লাইন থাকলেও এবার তা হয়নি। প্রথম থেকেই হলগুলো ছিল ফাঁকা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানান, এবার ঈদে কোনো সিনেমাই দর্শকদের সেভাবে টানতে পারেনি। সারা দেশের হলমালিকদের অবস্থা খুব খারাপ। তিনি বলেন, ‘প্রতি ঈদে হলমালিকদের মুখে হাসি ফুটলেও সর্বশেষ দুই ঈদে তা হয়নি। গত রোজার ঈদের মতো এই ঈদেও হল ব্যবসায়ীরা হতাশ।’

আবার ফাঁস শাকিবের সিনেমা

রোজার ঈদে ‘প্রিন্স’-এর ভরাডুবির পর অনেকেই ভেবেছিলেন রকস্টার দিয়ে ঘুরে দাঁড়াবেন শাকিব খান। আজমান রুশোর এই সিনেমায় শাকিবের অভিনয় প্রশংসিত হলেও সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স দুই জায়গাতেই দর্শক উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম। এর মধ্যে এক সপ্তাহ পার হতেই অনলাইনে ফাঁস হয়ে গেছে রকস্টার। বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে ছড়িয়ে পড়েছে সিনেমাটির ভিডিও লিংক। এর আগে গত বছর দুই ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ পাইরেসির শিকার হয়েছিল। হাইপ থাকার কারণে অনলাইনে ফাঁস হলেও ভালো ব্যবসা করে দুটি সিনেমাই। তবে এবারের পাইরেসিটা যেন—‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়েছে রকস্টারের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত