
২০২২ সালে শুটিং শেষে গত বছর জানুয়ারিতে হলে মুক্তির জন্য ছাড়পত্র পায় ‘বিলডাকিনি’। মাঝে কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও তা আর হয়নি। অবশেষে নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। ২৪ জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে বিলডাকিনি।
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমা। বানিয়েছেন ফজলুল তুহিন। সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। এটি বাংলাদেশে পার্নোর দ্বিতীয় সিনেমা। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছিল। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় মানিককে। আর পার্নোর চরিত্রের নাম হানুফা। সে গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তার স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণ করে হানুফাকে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি।
এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা মোশাররফ। ‘যা দেখি তার সবই ভালো’ শিরোনামের গানটির লেখা ও সুর মোশাররফ করিমের, সংগীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘বিপদগ্রস্ত মানুষের শ্বাসরুদ্ধকর সংগ্রাম, তাদের কষ্ট এবং সম্পর্কের জটিলতার এক কাব্যিক চিত্র রূপায়িত হয়েছে বিলডাকিনি সিনেমায়। আজকের দিনে ভূমিদস্যুর অত্যাচার থেকে মানুষ রক্ষা পাচ্ছে না, একালের নারীরা এখনো নির্যাতিতা, সহায়হীন মানুষের আহাজারি চারদিকে। তবু এই অসমতল পৃথিবীতে মানুষ আশায় বুক বেঁধে নতুন স্বপ্নের সিঁড়ি বেয়ে ভালোবাসার শক্তিতে বাঁচতে চায়। বিলডাকিনি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকেরা সেই বাস্তবতার মুখোমুখি হবে।’
বিলডাকিনি সিনেমার সঙ্গে জানুয়ারি মাসের একটা অদ্ভুত মিল আছে। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পেলেও সিনেমার শুটিং শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। গত বছর জানুয়ারিতে সেন্সর ছাড়পত্র পায় এবং এই বছর জানুয়ারিতে মুক্তি পাবে। সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এর আগেও কয়েকটি তারিখ ঠিক করেছিলাম। নানা কারণে রিলিজ দেওয়া সম্ভব হয়নি। অবশেষে এই জানুয়ারিতে সিনেমাটি দর্শকের সামনে আসছে।’
মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় আছে ডেটা সলিউশন।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে