Ajker Patrika

হিমির গানে মডেল তৌসিফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
হিমির গানে মডেল তৌসিফ
‘দুজন দুজনার’ গানের দৃশ্যে হিমি ও তৌসিফ। ছবি: সংগৃহীত

ছোটবেলায় গায়িকা হওয়ার স্বপ্ন ছিল জান্নাতুল সুমাইয়া হিমির। কচি-কাঁচার মেলা ও ছায়ানটে গান শিখতেন। তখন থেকেই শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান-অভিনয় করতেন। ২০১৪ সালে একটি মডেলিং রিয়েলিটি শোতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। সুযোগ পান চ্যানেল আইয়ের ‘মহারানী’ নাটকে। এর পর থেকে বদলে যায় হিমির ক্যারিয়ারের গতিপথ। অভিনয়েই জনপ্রিয়তা পেতে থাকেন।

গায়িকা হওয়ার স্বপ্ন পূরণ না হলেও গানের সঙ্গ কখনোই ছাড়েননি হিমি। এরই মধ্যে একটি নাটকে ও একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে জানান দিয়েছেন সংগীতশিল্পী হিসেবে তাঁর প্রতিভার কথা। এবার প্রকাশ করছেন নিজের প্রথম মৌলিক গান। ভালোবাসা দিবস উপলক্ষে সাউন্ডটেক মিউজিক থেকে প্রকাশ পাচ্ছে হিমির নতুন গান ‘দুজন দুজনার’।

হিমি জানান, অভিনয়ে পুরো মনোযোগ দিলেও যেকোনো আড্ডায় গলা ছেড়ে গাইতে বেশ ভালো লাগে তাঁর। তেমন এক আড্ডাতেই হিমির গান শুনে বছর তিনেক আগে তাঁকে ‘পরান পাখি’ নাটকের টাইটেল গানটি গাইতে বলেন নির্মাতা মাহিন আওলাদ। এরপর গত বছর গীতিকার কবির বকুলের মাধ্যমে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একটি গান গেয়েছিলেন। এবারই প্রথম কোনো অডিও প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ পাচ্ছে তাঁর মৌলিক গান।

দুজন দুজনার শিরোনামের গানটিতে হিমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রাফি। কবির বকুলের লেখা গানটির সুর করেছেন পুলক অধিকারী। সৈকত রেজার নির্দেশনায় মিউজিক ভিডিওতে হিমির সঙ্গে মডেল হয়েছেন তৌসিফ মাহবুব। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে গানটি।

দুজন দুজনার গানটি নিয়ে হিমি বলেন, ‘প্রতিবছর ভালোবাসা দিবসে আমার অনেক নাটক মুক্তি পায়, এবারও পাচ্ছে, তবে এর সঙ্গে প্রথমবার মুক্তি পাচ্ছে আমার গাওয়া গান। তাই আমি অনেক বেশি রোমাঞ্চিত। এর মিউজিক ভিডিওতে নিজেই অভিনয় করেছি। আমার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত