Ajker Patrika

সিনেমা নিয়ে নির্মাতা-প্রযোজকদের নতুন পরিকল্পনা

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা
সিয়াম আহমেদ, আফরান নিশো ও শাকিব খান। ছবি: সংগৃহীত

সিনেমার অভাবে সারা বছর দর্শকখরায় ভুগলেও ঈদের সময় জমজমাট হয়ে ওঠে দেশের প্রেক্ষাগৃহগুলো। নির্মাতারাও বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন ঈদ সামনে রেখে। তবে প্রেক্ষাগৃহে সারা বছর দর্শক ধরে রাখতে নিয়মিত বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন হলমালিক থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্টরা। সেই কথা ভেবেই এবার ঈদের বাইরের সময়টা পরখ করে দেখতে চাইছেন নির্মাতারা। বিশেষ করে এবার ঈদে বড় বাজেটের সিনেমাগুলো প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর এ নিয়ে নতুন করে ভাবছেন নির্মাতা ও প্রযোজকেরা। সারা বছর দুই ঈদের জন্য অপেক্ষায় না থেকে বছরের অন্য সময়গুলোতে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা। ইতিমধ্যে মুক্তির ঘোষণা এসেছে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমার।

শাকিব খানের দুই সিনেমা

কয়েক বছর ধরেই ঢাকাই সিনেমা হয়ে উঠেছে ঈদকেন্দ্রিক আর ঈদের সিনেমার নায়ক শাকিব খান। তিনি একমাত্র নায়ক—প্রতি ঈদে যাঁর সিনেমা মুক্তি পায়। সর্বশেষ ২০২৪ সালে ঈদ ছাড়া মুক্তি পেয়েছিল শাকিবের ‘দরদ’। গত পাঁচ বছরে এটি শাকিব খানের একমাত্র সিনেমা, যা ঈদের বাইরে আলোর মুখ দেখেছিল। শাকিব অভিনীত সবশেষ সিনেমা ছিল ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’। তবে এ বছর আবার ঈদ বাদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত সিনেমা।

শাকিব এখন ব্যস্ত সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শেষ অংশের শুটিংয়ে। নির্মাতা সাকিব জানিয়েছেন, দেশপ্রেমের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি এ বছরেই মুক্তি পাবে। ঈদ উৎসব বাদে অন্য সময়ে মুক্তির সিদ্ধান্তের কারণ জানিয়ে তিনি বলেন, ‘হলমালিক থেকে দর্শক—সবাই প্রশ্ন তোলেন, ঈদ ছাড়া কেন শাকিব খানের সিনেমা মুক্তি পায় না। আমরাও বিশ্বাস করি, সিনেমা হলে দর্শক ধরে রাখতে হলে সারা বছর ভালো সিনেমা মুক্তি পাওয়া দরকার। সেই কথা মাথায় রেখে আমরা ঈদ উৎসব বাদে অন্য সময়ে সিনেমা মুক্তির পরিকল্পনা করেছি।’

সোলজার সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে দুই নায়িকাকে। ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশার সঙ্গে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অভিনয়ে আরও আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

এদিকে দুর্গাপূজায় মুক্তির প্রস্তুতি নিচ্ছে শাকিব খানের আরেক সিনেমা ‘আগুন’। এমনটাই জানালেন নির্মাতা বদিউল আলম খোকন। ৭ বছর আগে ২০১৯ সালে শুরু হয়েছিল আগুনের শুটিং। নানা জটিলতায় এত দিন আটকে ছিল সিনেমাটি। বদিউল আলম খোকন বলেন, ‘আমরা টার্গেট করেছি পূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার। তবে এখনো সবকিছু চূড়ান্ত করতে পারিনি। পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে। সবকিছু শেষ করে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ এ সিনেমায় শাকিবের নায়িকা জাহারা মিতু।

ডিসেম্বরে নিশোর ‘সুড়ঙ্গ ২’

রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় আফরান নিশোর। গত বছর একই নির্মাতার ‘তাণ্ডব’ সিনেমায় সুড়ঙ্গ সিনেমার মাসুদ চরিত্রে ক্যামিও দিয়েছিলেন নিশো। সে সময় শোনা গিয়েছিল শিগগির আসবে ‘সুড়ঙ্গ ২’। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড জানিয়েছে, আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সুড়ঙ্গর কাহিনি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে সিকুয়েলের গল্প। এবারও পরিচালনার দায়িত্বে থাকছেন রায়হান রাফী।

সুড়ঙ্গ সিনেমায় নিশোর সঙ্গে আরও ছিলেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। নতুন পর্বে নিশোর সঙ্গে কারা থাকবেন, সে বিষয়ে এখনো খোলাসা করেননি নির্মাতারা, রেখে দিয়েছেন চমক হিসেবে। ২০২৩ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ। ৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩টি সিনেমায় অভিনয় করেছেন নিশো, সব কটি মুক্তি পেয়েছে ঈদে। সুড়ঙ্গ ২ হতে যাচ্ছে ঈদ উৎসবের বাইরে মুক্তি পাওয়া নিশো অভিনীত প্রথম সিনেমা।

হরর গল্পে সিয়ামের ‘আন্ধার’

শাকিব ও নিশোর পাশাপাশি সিয়াম আহমেদও ঈদের বাইরে নতুন সিনেমা নিয়ে আসছেন। ‘আন্ধার’ নামের সিনেমাটি তৈরি হচ্ছে ভৌতিক গল্পে। পরিচালনা করছেন রায়হান রাফী। এতে সিয়ামের সঙ্গে দেখা যাবে নাজিফা তুষিকে। এ বছর ‘প্রেশার কুকার’ ও ‘রইদ’ সিনেমা দিয়ে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন এই অভিনেত্রী। আন্ধার সিনেমায় আছেন আরও একঝাঁক তারকা—চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, আফসানা মিমি, মোস্তফা মনওয়ার প্রমুখ।

আন্ধার তৈরি হচ্ছে দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে। সুমন ও শাকিবের সঙ্গে মিলে গল্প ও চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন শাকিব চৌধুরী ও আদনান। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা।

শাকিব চৌধুরী জানিয়েছেন, এ বছর শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার। বিশ্বকাপ ফুটবলের পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে শুরু হবে প্রচার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত