
চ্যানেল আই প্রাঙ্গণে আজ বুধবার সকালে অনুষ্ঠিত হলো সদ্য প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজা। যুক্তরাজ্য থেকে তাঁর পরিবারের সদস্যরা দেশে ফিরলেই রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বেলা ১১টায় অনুষ্ঠিত হয় শামস সুমনের জানাজা। এর আগে সহকর্মী থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই শামস সুমনের শেষবিদায়ে উপস্থিত হয়েছিলেন চ্যানেল আই প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, চিত্রনায়ক ওমর সানী, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, পরিচালক বাদল খন্দকার, সকাল আহমেদ, অভিনয়শিল্পী আফজাল হোসেন, জাহিদ হাসান, মীর সাব্বির, জিতু কমল, আবুল কালাম আজাদ, ত্রপা মজুমদার, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াহিদ, আবুল কালাম আজাদ, আহসান হাবিব নাসিম, শাহেদ শরীফ খান, অহিদা মল্লিক জলি প্রমুখ।
জানাজায় অভিনেতার পরিবারের পক্ষ থেকে কথা বলেন শামস সুমনের ভাই ও শামস সুমনের স্ত্রীর ভাই। তাঁরা শামস সুমনের জন্য দোয়া চান। জানা গেছে, ইতিমধ্যে শামস সুমনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্য রওনা দিয়েছেন। তাঁরা দেশে ফিরলেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে শামস সুমনকে। তার আগপর্যন্ত শামস সুমনের মরদেহ রাজধানীর সিএমএইচের হিমঘরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একসময়ের এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন। মঞ্চ থেকে শুরু শামস সুমনের অভিনয়জীবন। পরিচিতি পান টিভি নাটকে অভিনয় করে। নব্বইয়ের দশকে ছোট পর্দায় নিয়মিত মুখ ছিলেন শামস সুমন। ছোট পর্দার পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন সুমন। অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত শামস সুমন ইমপ্রেস টেলিফিল্মের রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বেসরকারি হাসপাতালে মারা যান শামস সুমন। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শামস সুমনের স্ত্রী-সন্তানেরা যুক্তরাজ্যে থাকেন।

ইমপ্রেস টেলিফিল্মের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান জানান, মঙ্গলবার বিকেলের দিকে তাঁর অফিস কলিগদের ফোন করে শরীর খারাপ লাগার কথা বলেন। অফিস থেকে লোকজন তাঁর সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে তাঁকে অসুস্থ দেখতে পান। সুমনকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে তাঁর চিকিৎসা শুরু হয়। শারীরিক পরীক্ষা চলাকালেই মৃত্যু হয় সুমনের।

ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী মিফতাহ জামানের নতুন গান ‘অন্য কারও গল্পে’। চাঁদরাতে শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি প্রকাশ পাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
১ ঘণ্টা আগে
ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৮ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৮ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
২১ ঘণ্টা আগে