
মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। দীর্ঘদিনের মহড়া ও কারিগরি প্রদর্শনী শেষে নাটকটি নিয়ে দর্শকদের সামনে আসতে প্রস্তুত জাগরণীর নাট্যকর্মীরা। ৪ জুলাই বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে কাদামাটির উদ্বোধনী প্রদর্শনী হবে। নাটকটি লিখেছেন অনিকেত পাল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
আগামী ৪ জুলাই কাদামাটি নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে হাজির থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশের সভাপতি প্রফেসর আবদুস সেলিম। আরও থাকবেন বাংলাদেশ থিয়েটার আর্কাইভের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক আবদুল কাদের তালুকদার।
কাদামাটি নাটকে একক অভিনয়ে দেখা যাবে স্মরণ সাহাকে। তিনি বলেন, ‘কাদামাটি আমাদের জীবনের গল্প। এর আগে কোনো নাটকে একক অভিনয় করিনি। এবারই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি।’
নির্দেশক বলেন, ‘আমরা যাঁরা নিজের শিকড় ছেড়ে অন্য মাটিতে শিকড়ের খোঁজ করি, কাদামাটি তাদেরই গল্প। আধুনিক জীবন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ কিংবা শেষ বয়সে নিশ্চিন্ত জীবন—এসবের আশায় অনেকে নিজের জন্মস্থান ছেড়ে অন্য ভূমিতে পাড়ি জমায়। যাওয়ার পর উপলব্ধি করে, ওই মাটি অনেক কঠোর আর একাকিত্বের। মাঝেমধ্যে মনে হয়, এত উঁচু ভবনগুলোর মাঝখানে আমরা গুম হয়ে যাচ্ছি। এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে নিজের পরিচয়টাই হারিয়ে যায়। নিজের শিকড়ে আর ফিরে যাওয়া হয় না।’
নির্দেশক বলেন, ‘যুগে যুগে মানুষের জীবনে এটাই ঘটে। মানুষ প্রতিটি মুহূর্তে নতুন শিকড় তৈরি করে, জীবনকে নতুন করে গড়ে তোলে। জীবন কখনো একটি জায়গায় আটকে থাকে না। প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। তারপরও পথের শেষে মানুষ দাঁড়িয়ে থাকে নতুন এক দিগন্তের আশা নিয়ে। এ নাটকে সেই বাস্তবতার গল্প উঠে এসেছে।’
কাদামাটি নাটকে সেট ও লাইট ডিজাইনে রয়েছেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা এবং প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৭ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৭ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৮ ঘণ্টা আগে