Ajker Patrika

বিচার চেয়ে ‘১৯ সংগঠন’ থেকে জয়ের পদত্যাগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিচার চেয়ে ‘১৯ সংগঠন’ থেকে জয়ের পদত্যাগ
জয় চৌধুরী

সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রোববার এফডিসির গেটে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ অনেকেই সমিতির অফিসের সামনে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ না নেওয়ায় জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র ১৯ সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। সেই ঘটনার বিচার চেয়ে ১৯ সংগঠনের মূখ্য সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন জয় চৌধুরী। গতকাল এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের কথা জানান তিনি।

জয় চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য চলচ্চিত্র ১৯ সংগঠন করা হয়েছে। সেই সংগঠনের আহ্বায়ক হিসেবে হেলাল খান ভাই শিল্পী সমিতির সদস্যদের অসম্মান করতে পারেন না। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি এটা মেনে নিতে পারি না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

জয় আরও বলেন, ‘হেলাল খান ভাইকে আমি অনেক সম্মান করি। তিনি কেন এমন আচরণ করেছেন, সেটা আমি জানি না। ইন্ডাস্ট্রির ভেতরে যদি কোনো কোন্দল থাকে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা যেত। তাঁর সম্মানের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলিনি। কিন্তু তাঁর লোকজন শিল্পী সমিতির সদস্যদের গালিগালাজ করেছে, এফডিসি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছে এবং শিল্পী সমিতি ভেঙে ফেলতে চেয়েছে। এটা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মেনে নিতে পারি না।’

বিচার চেয়ে জয় চৌধুরী বলেন, ‘শিল্পীদের সম্মান রক্ষায় যেকোনো সিদ্ধান্ত আমি নেব। শিল্পীদের সম্মান রক্ষার্থে প্রধানমন্ত্রীর কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই। শিল্পীরা আমাকে বলেছেন, সম্মান রক্ষার্থে সব শিল্পী মাঠে নামতে প্রস্তুত। হেলাল খানের প্রতি আমার কোনো রাগ নেই। কিন্তু তাঁর উপস্থিতিতে বাইরের লোক এসে আমার শিল্পীদের গালি দিল কেন? এফডিসি থেকে যারা শিল্পীদের বের করে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের বিচার করেই ছাড়ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত