Ajker Patrika

সদস্যপদ স্থগিতের বিষয়ে যা বললেন তিশা ও অথৈ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১: ৪৭
সদস্যপদ স্থগিতের বিষয়ে যা বললেন তিশা ও অথৈ
তিশা ও অথৈ। ছবি: সংগৃহীত

সময়টা খারাপ যাচ্ছে অভিনেত্রী তানজিন তিশার। একের পর এক বিতর্কিত কাণ্ডে সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। এবার নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ স্থগিত করেছে তাঁর সদস্যপদ। শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে তানজিন তিশার পাশাপাশি সামিয়া অথৈর সদস্যপদও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ।

গত মার্চে একটি নাটকের শুটিংয়ের সময় তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন সামিয়া অথৈ। সেই অভিযোগ মিথ্যা জানিয়ে সামিয়া অথৈর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তানজিন তিশা। দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল অভিনয়শিল্পী সংঘ। সেই উদ্যোগ সফল হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, দুজনকেই ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিতে বলেছিল সংগঠনটির সালিস কমিটি। কিন্তু দুজনের কেউ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেননি। পরপর দুটি চিঠি পাঠালেও কোনো সদুত্তর দেননি দুজনের কেউ। ফলে তাঁদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুক লাইভে এসে ভিডিও বার্তা না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিশা, তবে তাঁর দাবি, শিল্পী সংঘ তাঁকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিতে বলেছিলেন, ক্ষমা চেয়ে নয়। তানজিন তিশা বলেন, ‘যে নাটকের শুটিংয়ের সময়ে এই ঘটনা ঘটেছে, সেই নাটকে আমি পাগলের চরিত্রে অভিনয় করেছি। দৃশ্যটি দেখলেই বুঝবেন, কে আসলে ইম্প্রোভাইজ করেছে। নির্যাতনের যে দাবি করা হয়েছে, সেটাও আপনারা বুঝতে পারবেন। অভিনয়শিল্পী সংঘের সম্মানিত ব্যক্তিরা বিচারক হিসেবে ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা বসে পুরো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কেন, কী ঘটেছে, সবকিছু শোনা হয়েছে। সেই বৈঠকের নোটিশও আমার কাছে আছে, লিখিতভাবে আছে। সেখানে উল্লেখ করা আছে, ওই মেয়েকে ক্ষমাপ্রার্থী হয়ে একটা ভিডিও দিতে হবে। সেই আলোচনায় আমাকেও একটা ভিডিও বার্তা দিতে বলা হয়েছে অভিনয়শিল্পীকে ধন্যবাদ জানিয়ে, সুষ্ঠু সমাধানের জন্য। কিন্তু সেই মেয়ে ভিডিওটি দেয়নি। আমিও একটা ভুল করেছি, আমারও ভিডিওটি করা হয়নি।’

তিশা আরও বলেন, ‘আমি অভিনয়শিল্পী সংঘের একজন সদস্য। সেই জায়গা থেকে ওই শিল্পী দিয়েছে নাকি দেয়নি সেটা বিবেচনা না করে আমার ভিডিওটি দিয়ে দেওয়া উচিত ছিল। সেই ভিডিও না দেওয়ার কারণে আমাকে সংগঠন থেকে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে আমার সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ নিয়ে অবশ্যই আমি অভিনয়শিল্পী সংঘের সঙ্গে কথা বলব।’

ফেসবুক লাইভে অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিতের পাশাপাশি গত এক বছরে তাঁর সঙ্গে ঘটে যাওয়া নানা বিতর্কিত ঘটনা নিয়েও কথা বলেন তিশা। তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি-কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’

সদস্যপদ স্থগিতের বিষয়ে সামিয়া অথৈ বলেন, ‘বিচার চাইতে গিয়ে দেখলাম আমার পরিবার অভিনয়শিল্পী সংঘ আমাকে স্থগিত করেছে। সংগঠনে যাঁরা আছেন, তাঁরা সিনিয়র মানুষ। যাঁরা এই বিচার করেছেন, তাঁরা অনেক অভিজ্ঞ। তাঁরা তাঁদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সিদ্ধান্ত আমার কাছে ম্যাটার করে না। যে জিনিস সাত থেকে আট মাস আগে হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলাটা সময় নষ্ট। অহেতুক জিনিস নিয়ে না পড়ে থেকে কীভাবে নিজেকে আরও ভালো রাখা যায়, কীভাবে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় সেটাতে ফোকাস করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত