Ajker Patrika

এ বছর আসছে ‘ফেউ’ সিরিজের দ্বিতীয় সিজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
এ বছর আসছে ‘ফেউ’ সিরিজের দ্বিতীয় সিজন

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। অবশেষে নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্ম সূত্রে জানা গেল, এ বছরেই আসবে ফেউ সিরিজের দ্বিতীয় সিজন।

১৯৭৯ সালে ঘটা মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে সুকর্ণ সাহেদ ধীমান বানিয়েছেন ওয়েব সিরিজ ‘ফেউ’। প্রথম সিজনে দেখা গিয়েছিল দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে হিন্দুধর্মাবলম্বীদের একটা অংশ আশ্রয় নেয় ডুমুরঝাঁপিতে। একসময় শরণার্থীদের উচ্ছেদ করতে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়। ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া, নির্বিচারে মানুষ হত্যার ঘটনাও ঘটে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ করতে চায় মোংলা চার্চের রেভেরেন্ড ফটোগ্রাফার সুনীল। কিন্তু আসতে থাকে নানা বাধা।

একদিন দুই নারীকে চার্চে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে সুনীলের, যারা জীবন বাঁচাতে খ্রিষ্টধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে। সেদিনের পর আর খোঁজ পাওয়া যায়নি সুনীলের। জানা যায়, পুলিশের গুলিতে মারা গেছে সুনীল। দুই যুগ পর সুনীলের তোলা কিছু ছবির সন্ধানে নামে তার ছেলে ড্যানিয়েল। একসময় ড্যানিয়েল জানতে পারে তার বাবাকে নয়, সেদিন কবর দেওয়া হয়েছিল একটি গাছের গুঁড়ি। এরপর শুরু হয় সুনীলের সন্ধান। সে জীবিত নাকি মৃত, এই প্রশ্নের উত্তর পেতে উদ্‌গ্রীব হয়ে ওঠে ড্যানিয়েল।

২০২৫ সালের ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল সিরিজটির প্রথম সিজন। সে সময় জানা গিয়েছিল দুই সিজনের শুটিং হয়েছে একটানা। প্রথম সিজনের কয়েক মাস পরেই দেখা যাবে দ্বিতীয় সিজন। তবে প্রথম সিজন মুক্তির পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও দ্বিতীয় সিজন মুক্তির কোনো ঘোষণাই আসেনি এত দিন। অবশেষে এ বছরেই দ্বিতীয় সিজন মুক্তি দেওয়ার কথা জানালেন নির্মাতা ধীমান ও প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।

সুকর্ণ সাহেদ ধীমান বলেন, ‘আমি নিজেও অপেক্ষায় আছি ফেউ সিরিজের বাকি অংশের জন্য। এই বছরে আমরা ফেউ-এর সম্পূর্ণটা রিলিজ দিতে চাই। কিন্তু পুরো পরিকল্পনাটা এখনো অফিশিয়ালি কনফার্ম হয়নি। কনফার্ম হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

ফেউ সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে জানতে যোগাযোগ করলে চরকি কর্তৃপক্ষ জানায়, এ বছরেই সিরিজটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে তারা। এ নিয়ে চলছে আলোচনা। শিগগির এ নিয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

ফেউ সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু, এ কে আজাদ সেতু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত