Ajker Patrika

শেষ দৃশ্যের আগেই চলে গেলেন সোহেল খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শেষ দৃশ্যের আগেই চলে গেলেন সোহেল খান
ছবি: সংগৃহীত

১৯ নভেম্বর থেকে বগুড়ায় মোহাম্মদ ইকবালের ‘নসীব’ সিনেমার শুটিং করছিলেন সোহেল খান। গতকাল মঙ্গলবার নিজের অংশের শুটিং শেষে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু সকালে শুটিং শুরুর আগেই হার্ট অ্যাটাক হয় তাঁর। সকাল ১০টার দিকে মারা যান সোহেল খান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

গল্প-আড্ডায় সহকর্মীদের মাতিয়ে রাখা সোহেল খান মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ছিলেন প্রাণবন্ত। ঘুম থেকে উঠে সহশিল্পী মুকিত জাকারিয়া ও বলিউড অভিনেতা মুকেশ ঋষির সঙ্গে নাশতা করার সময় ছিলেন খোশমেজাজে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মুকিত জাকারিয়া ফেসবুকে লেখেন, ‘তুমি এভাবে চলে গেলে সোহেল ভাই। সকালেও একসঙ্গে নাশতা করলাম তোমার সঙ্গে। তোমার কথা সব সময় মনে পড়বে ভাই। ওপারে ভালো থেকো।’

নাশতা শেষে তৈরি হওয়ার জন্য রুমে ফিরে গিয়েছিলেন সোহেল। যাওয়ার কথা মেকআপ রুমে। নসীব সিনেমার সহকারী পরিচালক হাবিব রাজু ডাকতে গেলে সোহেল খান তাঁকে জানান খারাপ লাগার কথা। এরপর জ্ঞান হারান অভিনেতা। সেই ঘটনার বর্ণনা দিয়ে রাজু বলেন, ‘কলটাইম অনুযায়ী সোহেল ভাইকে ডাকলে তিনি রুম থেকে বেরিয়ে জানান তাঁর শরীরটা খারাপ লাগছে, ১০ মিনিট দেরি হবে। সে সময় উনি কাশছিলেন। আমি ফিরে আসি। কিছুদূর আসতেই একজন হাউসকিপার এসে জানাল সোহেল ভাই পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে সবাইকে খবর দিই।’

সোহেল খানের অসুস্থতার কথা শুনে তাঁর রুমে ছুটে যান অভিনেতা এল আর খান সীমান্তসহ অনেকে। সেই সময়ের ঘটনা জানিয়ে সীমান্ত বলেন, ‘সোহেল ভাইয়ের রুমে গিয়ে দেখি তিনি খাটে শুয়ে আছেন এবং তাঁর পালস নেই। তাৎক্ষণিকভাবে সিপিআর শুরু করলাম। সিপিআর দেওয়ার একপর্যায়ে সোহেল ভাই একটি নিশ্বাস নিয়ে চোখ খোলেন এবং চারদিকে তাকান। এতে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ঠিক হয়ে যাবেন, তাই দ্রুত একটি গাড়ি ডেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।’

দ্রুত বগুড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোহেল খানকে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নসীব সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘চোখের সামনে একজন সুস্থ মানুষের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা গোটা নসীব টিম শোকাহত। আজ তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। ঘণ্টাখানেকের শুটিং বাকি ছিল। একজন ভালো অভিনেতাকে হারিয়ে ফেললাম আমরা। ব্যক্তিজীবনে সোহেল আমার বন্ধু ছিল। সকালবেলা যখন খবরটি পাই, তখন বিশ্বাস করতে পারিনি। সোমবার রাতেও খুব আড্ডা হয়েছে আমাদের। ওর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছি না।’

বগুড়া থেকে সোহেল খানের মরদেহ নিয়ে যাওয়া হয় ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে। সেখানে বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন হয় তাঁর।

দুই দশক আগে মোস্তফা সরয়ার ফারুকীর বানানো বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে ক্যারিয়ার শুরু হয় সোহেল খানের। ফারুকীর ‘৪২০’ নাটকের বিশু চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন সোহেল খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত