
মস্তিষ্কে টিউমার আক্রান্ত হওয়ার পর গত বছর এপ্রিল থেকে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ সময় বাইরে থাকায় দেশের জন্য মন কাঁদছিল তাঁর। মিস করছিলেন আত্মীয়স্বজনকে। নিসচা নিয়েও ছিল চিন্তা। তাঁর হাতে গড়া প্ল্যাটফর্মটির কার্যক্রম ঠিকমতো চলছে কি না—তা নিয়েও চিন্তার অন্ত ছিল না। তাই চিকিৎসা বিরতিতে ৩ আগস্ট দেশে আসেন ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চনের ছেলে মীরাজুল ইসলাম জয় আজকের পত্রিকাকে জানান, দেশে আসার পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেছেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর, অভিনেত্রী রোজিনা ও চম্পা। গত মঙ্গলবার বিকেলে ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসায় যান আলমগীর। প্রায় দুই ঘণ্টা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাটান তিনি। দুজনের আড্ডায় স্বাস্থ্যগত বিষয় নিয়ে বেশি আলোচনা হলেও পুরোনো অনেক স্মৃতি নিয়ে তাঁরা হাসিঠাট্টা করেন। গত বুধবার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেছেন অভিনেত্রী চম্পা। গতকাল গিয়েছিলেন রোজিনা। দুজনেই ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, স্মৃতিচারণা করেছেন পুরোনো অনেক ঘটনার।
এদিকে আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিরাপদ সড়ক চাই-এর ১১তম মহাসমাবেশে যোগ দেবেন ইলিয়াস কাঞ্চন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া আগামী সপ্তাহে এক দিনের জন্য গ্রামের বাড়ি কিশোরগঞ্জে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইলিয়াস কাঞ্চনের।
ইলিয়াস কাঞ্চনের ছেলে মীরাজুল ইসলাম জয় বলেন, ‘আব্বু দেশকে খুব মিস করছিলেন। কাছের মানুষদের সঙ্গে দেখা করতে চাইছিলেন। নিরাপদ সড়ক চাই নিয়েও চিন্তা করছিলেন। কাজ ঠিকমতো চলছে কি না, এ নিয়ে অনেক চিন্তা ছিল তাঁর। কাল (আজ) নিরাপদ সড়ক চাই আন্দোলনের সমাবেশে তাঁর উপস্থিতির মূল উদ্দেশ্য হলো তাঁকে আশ্বস্ত করা যে তাঁর স্বপ্নের এই প্ল্যাটফর্মের কাজ থেমে নেই। আগে যাঁরা ছিলেন, তাঁরা এখনো পুরো উদ্যমে কাজ করছেন; এটা তাঁকে দেখানো, যেন মানসিক শান্তি পান তিনি।’

জয় আরও বলেন, ‘দেশে আসার পর বাসায় কাটছে আব্বুর সময়। তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা দেখা করছেন। তাঁর আত্মীয়স্বজনেরা আসছেন। আব্বু ইচ্ছা প্রকাশ করেছেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জে যাওয়ার। সোম কিংবা মঙ্গলবার তাঁকে নিয়ে সেখান থেকে ঘুরে আসার পরিকল্পনা আছে।’
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অগ্রগতি জানিয়ে মীরাজুল ইসলাম জয় বলেন, ‘তিনি সব কথা বোঝেন, সবাইকে চিনতে পারেন। কেমো দেওয়ার ফলে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। গত বছরের আগস্টে অস্ত্রোপচারের পর সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে তিনি দ্বিতীয় ধাপে আরও তিন মাসের ওরাল থেরাপি নিয়েছেন। এ কারণে গত এক বছরে চেহারায় বয়সের ছাপ পড়েছে। একটানা ২-৩ মিনিটের বেশি কথা বলতে অসুবিধা হয়। ধীরে ধীরে কথা বলতে হয়। তবে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট। টিউমারটি অনেক ছোট হয়ে এসেছে। যেহেতু এখনো টিউমার পুরোপুরি অপসারণ হয়নি এবং কেমোথেরাপি শেষ করা গেছে, তাই এরপর নতুন চিকিৎসা শুরুর কথা ভাবছেন চিকিৎসকেরা।’
জয় জানিয়েছেন, ১২ আগস্ট সকালে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন ইলিয়াস কাঞ্চন। এ সময় সঙ্গে থাকবেন অভিনেতার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স। লন্ডন পৌঁছানোর পর এক সপ্তাহ বিশ্রামে থাকবেন তিনি। এরপর শুরু হবে চিকিৎসা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসার পদ্ধতি ঠিক করা হবে।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
৯ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
৯ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
৯ ঘণ্টা আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
৯ ঘণ্টা আগে