১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ক্লাস ও পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি-সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ নভেম্বরের রুটিনমাফিক কার্যক্রমে কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি বিধিমোতাবেক ছুটি নিয়েছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে নির্ধারিত দিনে ক্লাস ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং অনুপস্থিত থাকলে তিনি যথাযথ প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী ছুটি গ্রহণ করেছিলেন কি না, সে-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
উপাচার্যের নির্দেশক্রমে জারিকৃত এ বিজ্ঞপ্তির অনুলিপি উপাচার্য দপ্তর, ট্রেজারার দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়ে তারা এ কর্মসূচি ঘোষণা করেছিল। ওই দিন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের প্রকৃত চিত্র এবং শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।








-930838-256x144.webp)
