Ajker Patrika

এইউএসটিতে টেক্সটাইল ঘিরে প্রাণের মেলা

ক্যাম্পাস ডেস্ক 
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৪: ৪৫
এইউএসটিতে টেক্সটাইল ঘিরে প্রাণের মেলা

সুতোয় বোনা কাপড় শুধু পোশাক নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা ও সম্ভাবনার গল্প। সেই গল্পকে আরও এক ধাপ এগিয়ে নিতে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) হয়ে গেল তিন দিনের জাতীয় উৎসব ‘এএটিসিসি টেক্সটাইল উইক ২০২৬–টেক্সাথন’।

১৫ থেকে ১৭ আগস্ট এইউএসটি ক্যাম্পাসে বসেছিল টেক্সটাইল ঘিরে এই প্রাণের মেলা। আয়োজন করে এএটিসিসি এইউএসটি স্টুডেন্ট চ্যাপ্টার। উৎসবের প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘আজকের পত্রিকা’। এবারের প্রতিপাদ্য ‘উইভ আইডিয়াস। ইনোভেট ফিউচার্স’। মূল ভাবনা একটাই—ভাবনার সুতোয় নতুন ভবিষ্যৎ বোনা।

এ উৎসবে দেশের ২১টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা, প্রদর্শনী, ফ্যাশন শো, শিল্প খাতের সঙ্গে যোগাযোগ মিলিয়ে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ।

টেক্সটাইলের নানা দিককে সামনে রেখে সাজানো হয়েছিল একাধিক প্রতিযোগিতা। কোথাও ছিল নকশার পরীক্ষা। কোথাও প্রযুক্তির। আবার কোথাও বাস্তব সমস্যার সমাধানে নতুন ভাবনার খোঁজ। ‘দ্য ব্র্যান্ড ক্যানভাস’-এ শিক্ষার্থীরা দেখিয়েছেন টি-শার্ট নকশা, ব্র্যান্ডিং ও সৃজনশীলতার দক্ষতা। রং, রেখা আর ভাবনায় তাঁরা তৈরি করেছেন নিজেদের গল্প। টেক্সটাইল বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির জ্ঞান যাচাই করা হয় ‘টেক্সইন্টেল’ প্রতিযোগিতায়। আর ‘ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন’-এ উঠে আসে কাপড়ের গঠন, বিশ্লেষণ ও নকশার দক্ষতা।

বাস্তব সমস্যার সমাধানে নতুন ধারণা নিয়ে হাজির হয় ‘টেক্সনোভেশন’। বিজ্ঞাপন ও বিপণনের সৃজনশীলতা ফুটে ওঠে ‘অ্যাড উইভ’-এ। অন্যদিকে শিল্প খাতের জটিল সমস্যা, ব্যবসায়িক কৌশল ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা যাচাই করা হয় ‘দ্য ইন্ডাস্ট্রি স্ট্র্যাটেজি’ প্রতিযোগিতায়।

‘থ্রেডস অ্যান্ড স্ট্রোকস’ শিরোনামের শিল্প প্রদর্শনীতে ফুটে ওঠে শিক্ষার্থীদের সৃজনশীলতার নানা রূপ। রং, রেখা ও নকশায় তাঁরা তুলে ধরেছেন টেক্সটাইলকে দেখার নতুন চোখ। ছিল জমকালো ফ্যাশন শো ‘দ্য রানওয়ে—ইনোভেশন ইন থ্রেডস’। শিক্ষার্থীদের নিজেদের নকশায় তৈরি পোশাক উঠে আসে রানওয়েতে। কাপড়ের বুননে মিশে যায় শিল্প।

উৎসবের শেষ দুই দিন, ১৬ ও ১৭ আগস্ট, অনুষ্ঠিত হয় ‘এইউএসটি জাতীয় টেক্সটাইল চাকরি মেলা’। পুরো অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড। আর জব ফেয়ারের টাইটেল স্পনসর ছিল আউকো টেক্স গ্রুপ। চাকরি মেলায় অংশ নেয় ছয়টি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো আউকো-টেক্স গ্রুপ, লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, ইনটেলেক্ট কনসালট্যান্সি, কোটস, জেইন গ্লোবাল ও ফোর্টিস গ্রুপ। তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সদ্য স্নাতকদের জন্য মেলাটি ছিল বিশেষ সুযোগ। ছিল সরাসরি সাক্ষাৎকারের সুযোগ। ছিল জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ।

উৎসবের বিভিন্ন অধিবেশন ও সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন এইউএসটির উপাচার্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং এএটিসিসি এইউএসটি স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি সদস্যরা। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের করপোরেট প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত