Ajker Patrika

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক, বিশেষ ক্ষেত্রে শিথিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক, বিশেষ ক্ষেত্রে শিথিল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান, যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার এই শর্ত শিথিল করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গতকাল সোমবার এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছে। পরিপত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য জীবনবৃত্তান্তসহ তিনজনের নাম সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে শিক্ষা বোর্ড।

সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের নাম এ ক্ষেত্রে প্রস্তাব করা যাবে।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবেন সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে। কমিটির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন স্থানীয় ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।

সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও প্রতিষ্ঠাতারা সভাপতি পদে বিবেচিত হতে পারবেন।

পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অস্থায়ী কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়নের নির্দেশনাও দেওয়া হয়েছে পরিপত্রে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন নিশ্চিত করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে। আগে এ পদে দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না।

২০২৪ সালের মে মাসে প্রবিধানমালা সংশোধন করে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের যোগ্যতা নির্ধারণ করা হয়। পরে ২০২৫ সালের আগস্টে তা আরও বাড়ানো হয়। তখন গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছিল।

দেশে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩৫ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ, নিয়োগ, বরখাস্ত, অপসারণ, ছুটি মঞ্জুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির ভূমিকা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত