Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

শিক্ষা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের সামনে এখন উচ্চশিক্ষার দুয়ার। কাঙ্ক্ষিত বিষয়ে পড়ার সুযোগ পেতে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। দেশের অন্যতম পছন্দের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নও থাকে অনেকের। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট মানবিকের শিক্ষার্থীদের জন্য হলেও বিজ্ঞান ও বাণিজ্যের শিক্ষার্থীরাও এতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। এ ইউনিটের প্রস্তুতি নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম হওয়া অয়ন চক্রবর্তী।

অনেকে মনে করেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, এ সময়ই সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় ঠিক করতে হয়। তাই প্রথমে নির্ধারণ করুন, কী নিয়ে পড়তে চান, কোন বিষয়ে আগ্রহ আছে এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন। এ ক্ষেত্রে অভিভাবকদের পরামর্শ ও শিক্ষকদের দিকনির্দেশনা জরুরি। তবে নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে।

মানবণ্টন বোঝা এবং প্রশ্নব্যাংক সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইউনিটের সঙ্গে অন্য ইউনিটের মানবণ্টনে মিল নেই। আবার এক বিশ্ববিদ্যালয়ের মানবণ্টনের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের পার্থক্যও রয়েছে। তাই মানবণ্টনের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। মানবণ্টন বুঝতে প্রশ্নব্যাংক ভালোভাবে বিশ্লেষণ করে প্রস্তুতি নেওয়া জরুরি। অনেকে প্রশ্নব্যাংকের তথ্য হুবহু মুখস্থ করার আত্মঘাতী সিদ্ধান্ত নেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি বিগত বছরের প্রশ্ন আসে না। তাই কোন বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন আসে, তা দেখতে হবে। সেসব বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা মিলিয়ে পরীক্ষা নেওয়া হয়।

বিষয়ভিত্তিক পরামর্শ

বাংলা: বাংলার জন্য সিলেবাসভুক্ত গদ্য-পদ্যের প্রতিটি লাইন ভালোভাবে পড়তে হবে। সহপাঠের অন্তর্ভুক্ত উপন্যাস ও নাটক একবার হলেও শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। ব্যাকরণের ক্ষেত্রে প্রশ্নব্যাংক বিশ্লেষণ করে নির্দিষ্ট বিষয় বেছে

নিতে হবে। যেসব বিষয় থেকে প্রতিবছর প্রশ্ন আসে; যেমন শব্দভান্ডার, সমাস, উপসর্গ, বানান, উচ্চারণ, পদ প্রকরণ ইত্যাদি ভালোভাবে পড়তে হবে। ব্যাকরণের নিয়ম মুখস্থ করার চেয়ে অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা জরুরি।

ইংরেজি: ইংরেজির জন্য পাঠ্যবই ও ব্যাকরণ অনুশীলনের পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময় লেখার চর্চা দরকার। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ইংরেজি বহুনির্বাচনি অংশের চেয়ে লিখিত অংশের নম্বর বেশি। শিক্ষার্থীরা লিখিত অংশকে বেশি ভয় পান। লিখিত অংশে ভালো করতে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের সারমর্ম নিজের ভাষায় ইংরেজিতে লেখার চর্চা করতে হবে।

ইংরেজি লিখিত অংশের জন্য ২০ মিনিট বরাদ্দ থাকে। এর মধ্যে একটি প্যারাগ্রাফ থাকে ১০ নম্বরের। সে ক্ষেত্রে ১০ মিনিটের মধ্যে এক পৃষ্ঠার প্যারাগ্রাফ লেখার চর্চা ফলপ্রসূ হতে পারে। এভাবে নিয়মিত লিখলে জড়তা দূর হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে।

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মৌলিক বিষয় এবং সাম্প্রতিক তথ্য পড়তে হয়। মানচিত্র ধরে পড়া, কৌশল ব্যবহার করে মনে রাখা, নিয়মিত পত্রিকা পড়া বা টেলিভিশনের খবর দেখা সাধারণ জ্ঞানের প্রস্তুতি সহজ করে। বহুনির্বাচনি অংশে সবচেয়ে বেশি নম্বর সাধারণ জ্ঞান থেকে। এ বিষয়ের পরিধি বিস্তৃত। তাই নিয়মিত নিজের দেশ ও বহির্বিশ্ব সম্পর্কে নতুন কিছু জানার চেষ্টা করতে হবে। এতে সাধারণ জ্ঞানের প্রস্তুতি সমৃদ্ধ ও সহজ হবে।

লিখিত পরীক্ষার প্রস্তুতি

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা ও ইংরেজি বিষয়ে লিখিত প্রশ্নের উত্তর দিতে হয়। পাঠ্যবই ভালোভাবে আয়ত্ত করা লিখিত অংশে ভালো করার পূর্বশর্ত। তাই বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ের প্রতিটি লাইনের প্রতিটি শব্দের ব্যাখ্যা জানা ও পড়া প্রয়োজন। এর পাশাপাশি প্রতিদিন লেখার অভ্যাস করতে হবে। প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং অনুশীলন করলে লেখা জড়তামুক্ত হবে এবং চিন্তার পরিধি বাড়ানো সম্ভব।

গ্রন্থনা: শাহ বিলিয়া জুলফিকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত