Ajker Patrika

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল হতে পারে ১০ সেপ্টেম্বর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল হতে পারে ১০ সেপ্টেম্বর
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। আশানুরূপ ফল না পেয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা ৪ লাখ পরীক্ষার্থী এ ফলের অপেক্ষায় আছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ্যে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।

চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করছে। পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের। এগুলোর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সে হিসাবে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।

গত ১০ আগস্ট ফল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষায় দেখা যায় গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন ৬২ দশমিক ২৫ শতাংশ গড় পাসের হার। অকৃতকার্য বা ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী।

ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া পরীক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। চলে ১৭ আগস্ট পর্যন্ত।

কোন বোর্ডে কত আবেদন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

আর কুমিল্লা বোর্ডের ৩৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি পত্রের ফল, রাজশাহী বোর্ডের ৩৯ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী ৯৮ হাজার ৭১০টি পত্রের ফল, যশোর বোর্ডের ২৮ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী ৭৪ হাজার ৭১৭টি পত্রের, চট্টগ্রাম বোর্ডের ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৭০৬টি পত্রের, বরিশাল বোর্ডের ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি পত্রের, সিলেট বোর্ডের ২০ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী ৫০ হাজার ৭১০টি পত্রের, দিনাজপুর বোর্ডের ৩৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী ৮৯ হাজার ২৮৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০ হাজার ৩০৭ জন দাখিল পরীক্ষার্থী ৩৪ হাজার ৩০৫টি পত্রের এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালের ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ৭১ হাজার ৬৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

গত ১০ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, যে পরীক্ষার্থীরা চলতি বছর এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবে তাদের খাতা শুধু পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা হবে।

আগে পুনর্নিরীক্ষিণে খাতা পুনর্মূল্যায়ন হতো না, শুধু আলাদা আলাদা প্রশ্নের উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের যোগফল যাচাই করে দেখা হত। তবে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে খাতা পুনর্মূল্যায়ন বিধান যুক্ত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত