২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম বহাল রাখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের তিন দফা ‘অনুরোধের’ পর এবার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) শারমিনা নাসরিন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
গুচ্ছ পদ্ধতি থেকে একের পর এক বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
উপাচার্যদের দেওয়া চিঠিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের পুনঃপুন অনুরোধ অগ্রাহ্য করে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা শৃঙ্খলার অভাবে উচ্চশিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করতে পারে।
আরও বলা হয়, দেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও দাবি বিবেচনা করে চলমান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পুনরায় নির্দেশ দেওয়া হলো।
জানতে চাইলে যুগ্ম সচিব শারমিনা নাসরিন বলেন, ‘গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। সোমবারের চিঠিতে ভাষাগত পরিবর্তনটা সরকারের অবস্থানের বহিঃপ্রকাশ।’
শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালায়। তবে নতুন (২০২৪-২৫) শিক্ষাবর্ষে গুচ্ছের প্রক্রিয়া এখনো শুরু হয়নি।
এর মধ্যে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার বার্তা দিয়েছে।
এমন প্রেক্ষাপটে গত ১ ডিসেম্বর গুচ্ছ পদ্ধতিতে থাকার অনুরোধ জানিয়ে উপাচার্যদের চিঠি দেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। চিঠিতে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে।’
শিক্ষা উপদেষ্টার পর গত ১০ ডিসেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একই অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।’
সর্বশেষ গত ২৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গুচ্ছে থাকার অনুরোধ জানিয়ে উপাচার্যদের চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছিল, ‘উপাচার্যদের নেতৃত্বে তাঁর বিশ্ববিদ্যালয়টি যেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া অব্যাহত রাখে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হলের এক ছাত্রী তুবাউল জান্নাত ঐশীকে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে স্থায়ী বহিষ্কার করেছে হল প্রশাসন। গতকাল সোমবার তদন্ত কমিটির সুপারিশে হল প্রশাসনের এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫ পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এগুলোর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সে হিসাবে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র...
৬ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তাঁর পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। আবেদন বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির...
৭ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শুধু বেতন-ভাতা নয়, তাঁদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শিক্ষকেরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন। তাই তাঁদের অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে তাঁদের স্বতন্ত্র মর্যাদার জায়গা থেকে বিবেচনা করা প্রয়োজন।
১১ ঘণ্টা আগে