Ajker Patrika

ইউআইইউ রেসকিউ রোভার টিম: প্রথমবার অংশ নিয়েই বিশ্বমঞ্চে সাফল্য

ক্যাম্পাস ডেস্ক 
ইউআইইউ রেসকিউ রোভার টিম: প্রথমবার অংশ নিয়েই বিশ্বমঞ্চে সাফল্য

প্রথমবার অংশ নেওয়া। আর তাতেই বিশ্বমঞ্চে রাখল দৃঢ় পদচিহ্ন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেসকিউ রোভার টিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

২ থেকে ৬ জুলাই দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। আয়োজন করে কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) ও ইনচন টেকনোপার্ক (আইটিপি)। ইউআইইউর সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) অধীনে পরিচালিত ইউআইইউ রেসকিউ রোভার টিম (ইউআরআরটি) সেখানেই প্রথমবার নিজেদের সামর্থ্যের পরিচয় দেয়।

বিশ্বের সেরা রেসকিউ রোবোটিকস দল, গবেষণাগার এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশি এই দল দেখিয়েছে আত্মবিশ্বাস, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা। স্বয়ংক্রিয় রেসকিউ রোবোটিকসের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভরতার ক্ষেত্রে এই অর্জন দেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রথম অংশগ্রহণেই দলটি একাধিক সাফল্য অর্জন করে। নবাগত ৯টি দলের মধ্যে বিশ্বে তৃতীয় স্থান লাভ করে তারা। ট্র্যাকড রোবট ক্যাটাগরিতে হয় একাদশ। আর বিশ্বের ২৭টি আন্তর্জাতিক দলের মধ্যে সামগ্রিকভাবে তারা অর্জন করে ১৫তম স্থান।

এই প্রতিযোগিতায় জার্মানি, জাপান, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, মেক্সিকো, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ দল অংশ নেয়। তাদের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউর শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের কাজ মূল্যায়নের সুযোগও পান।

প্রতিযোগিতার বাইরে ছিল শেখার আরেকটি বড় ক্ষেত্র। বিশ্বের খ্যাতনামা গবেষক, প্রকৌশলী এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় আর অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে রেসকিউ রোবোটিকসের আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন দলের সদস্যরা।

এই সফরের আরেকটি গর্বের মুহূর্ত আসে দলের সদস্য নাজমুল হাসান আথিনের মাধ্যমে। তিনি প্রতিযোগিতার প্লেনারি রাউন্ডে বিচারকের দায়িত্ব পালনের সম্মান পান। বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক এবং বিশেষজ্ঞদের সঙ্গে বিচারকের আসনে বসার সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে ইউআইইউ দলের কারিগরি সক্ষমতা ও গ্রহণযোগ্যতারই স্বীকৃতি।

দলের মেন্টর এবং ইউআইইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন বলেন, ‘রোবোকাপ রেসকিউ ২০২৬ আমাদের জন্য শুধু একটি প্রতিযোগিতা ছিল না; এটি ছিল বিশ্বের অন্যতম সেরা রেসকিউ রোবোটিকস দলগুলোর সঙ্গে নিজেদের সক্ষমতা যাচাই এবং তাদের কাছ থেকে শেখার অনন্য সুযোগ। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ও ইউআইইউকে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে উপস্থাপন করেছে। তবে এই অর্জন দেশের রেসকিউ রোবোটিকস গবেষণা ও উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলে বিশ্বাস করি।’

দলের সদস্যদের ভাষ্য, তাঁদের লক্ষ্য শুধু পুরস্কার জেতা নয়, বিশ্বের সেরা গবেষকদের কাছ থেকে শেখা, নিজেদের প্রযুক্তিকে আন্তর্জাতিক মানে যাচাই করা এবং ভবিষ্যতের জন্য আরও উন্নত ও বুদ্ধিমান রেসকিউ রোবট তৈরির অভিজ্ঞতা অর্জনই তাঁদের মূল উদ্দেশ্য।

এই অর্জনের জন্য তাঁরা ইউআইইউ, উপদেষ্টা, শিক্ষক, পৃষ্ঠপোষক, সাবেক শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সব সমর্থকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের মতে, সবার সহযোগিতা এবং উৎসাহই এই সাফল্যের পেছনের সবচেয়ে বড় শক্তি।

দলের নেতৃত্বে ছিলেন মেন্টর মো. আবিদ হোসাইন। টিম লিড ছিলেন আহমেদ জেবাইল সৌখিন। সফটওয়্যার অ্যান্ড অটোনোমাস সাব-টিম লিডের দায়িত্ব পালন করেন নাজমুল হাসান আথিন, মেকানিক্যাল সাব-টিম লিড মাহির ফয়সাল নাফিস, ইলেকট্রিক্যাল সাব-টিম লিড পার্থ প্রতিম পোদ্দার এবং লজিস্টিক সাব-টিম লিড দেওয়ান রইস বিন ওমর। দলের অন্য সদস্যের মধ্যে ছিলেন নাজমুল হাসান ও নুরের রায়হান সালমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত