Ajker Patrika

এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১: ৪০
এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৪৮, অনুপস্থিত ৩৩ হাজারের বেশি
ফাইল ছবি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে আজ সোমবার ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে আর অনুপস্থিত ছিল ৩৩ হাজার ১২৯ জন।

আজ বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এ দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৫ হাজার

তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১ হাজার ৬২০টি কেন্দ্রে। এগুলোর মধ্যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১০, রাজশাহী বোর্ডে তিন, কুমিল্লা বোর্ডে আট, যশোর বোর্ডে তিন, সিলেট বোর্ডে এক, বরিশাল বোর্ডে চার, দিনাজপুর বোর্ডে সাত ও ময়মনসিংহ বোর্ডে সাতজন পরীক্ষার্থী রয়েছে।

৯টি সাধারণ বোর্ডের এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ৯৭ হাজার ২১ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেয় ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিল ২৫ হাজার ৩৪ জন।

আলিমের বাংলা প্রথম পত্রে বহিষ্কার ২

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুজন পরীক্ষার্থীর বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তথ্য বলছে, আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৩ হাজার ৩৩৩ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ৭৮ হাজার ১৮১ জন। ৫ হাজার ১৫২ জন অনুপস্থিত ছিল।

ভোকেশনাল-বিএমটি-ডিপ্লোমা ইন কমার্সের তৃতীয় দিনে বহিষ্কার ৩

এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার তৃতীয় দিনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ের পরীক্ষায় তিনজন পরীক্ষার্থী বহিষ্কার ও ২ হাজার ৯৪৩ জন অনুপস্থিত ছিল।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ দিন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স ও আত্মকর্মসংস্থান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ৮৩ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছে ৮০ হাজার ৮৩৩ জন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত