
যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’ এই প্রশ্নে ‘হ্যা-সূচক’ উত্তর পাওয়ার পরই তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালান।
বুধবার (১৫ জুলাই) এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার ইউটার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলের একটি কিয়স্কে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে অভিযুক্ত ৪৮ বছর বয়সী পিটার মাইকেল লারসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের কাছে তিনি স্বীকার করেছেন, মুসলিম হওয়ার কারণেই ওই কর্মীর ওপর তিনি হামলা চালান। আদালতের নথি অনুযায়ী—লারসেন বলেছেন, তিনি মুসলিমদের হত্যা করতে চান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার শিকার ব্যক্তির নাম সোহাইল। ভারতীয় পরিচয় দিয়ে তিনি নিজেকে মুসলিম দাবি করার পরই লারসেন তাঁর ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন।
ইউটা ইসলামিক সেন্টারের ইমাম শুয়াইব দিন জানান, হামলার আগে অভিযুক্ত সোহাইলের কাছে এক বোতল পানি চান। সোহাইল পানি আনতে ঘুরে দাঁড়াতেই লারসেন ছুরি বের করে আক্রমণ করেন।
স্থানীয়দের উদ্যোগে খোলা একটি ‘গো-ফান্ডমি’ তহবিলের তথ্যমতে, সোহাইলকে অন্তত ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। একাধিক অস্ত্রোপচারের পরও তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন সাহসী পথচারী ও মলের কর্মী লারসেনকে ধরে ফেলেন এবং মাটিতে চেপে রেখে আরও বড় ক্ষয়ক্ষতি ঠেকান। পরে পুলিশ লারসেনকে গ্রেপ্তার করে। কর্তৃপক্ষ বলেছে, তার সহিংস মতাদর্শ ও পরিকল্পিত হামলার প্রবণতার কারণে তিনি জননিরাপত্তার জন্য বড় হুমকি।
সোহাইলের সহকর্মীরা তাঁকে পরিশ্রমী ও হাসিখুশি মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দুই সন্তান ও স্ত্রী রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর চিকিৎসা ব্যয় নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সোহাইলের ব্যবস্থাপক আদনান মোহাম্মদ এই ঘটনাকে ‘ঘৃণাজনিত অপরাধ’ উল্লেখ করে বলেন, ‘ঘৃণার কোনো স্থান নেই। একজন মানুষকে হত্যা মানে শুধু একজনকে নয়, একটি পুরো পরিবারকে ধ্বংস করা।’ আরেক প্রত্যক্ষদর্শী লুনা নুনেজ জানান, হামলা ঠেকাতে তিনি জুতা, চেয়ার—হাতে যা পেয়েছেন, তাই ছুড়ে মেরেছেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, তিনি বাঁচবেন না।’
যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী বিদ্বেষমূলক ঘটনার সংখ্যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে। তাদের মতে, অভিবাসীবিরোধী বক্তব্য, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী তৎপরতা এবং গাজা যুদ্ধকে ঘিরে উত্তেজনা এমন ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা বই, গবেষণাপত্র ও একাডেমিক প্রকাশনা পর্যালোচনার সরকারি নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি একাডেমিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং কাশ্মীরের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নাটকীয় স্পিডবোট অভিযানে হুতি বিদ্রোহীদের জন্য অস্ত্র তৈরির সরঞ্জাম বহনকারী একটি নৌকা জব্দ করেছে দেশটির সরকারপন্থী বাহিনী। অভিযানে নৌকার ক্রুদের আটক করা হয়েছে এবং জব্দ করা সরঞ্জামগুলোর বিষয়ে তদন্ত চলছে।
১ ঘণ্টা আগে
ভারতের ওডিশার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় পদদলিত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ ভক্ত। তাঁদের মধ্যে প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে...
২ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা, সীমান্তে অপরাধ বৃদ্ধি ও নিরাপত্তাঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে