
ফসলের মাঠে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট ফেলে যায় একটি চক্র। সেই চিরকুটে লেখা থাকে একটি মোবাইল নম্বর। সেই নম্বরে যোগাযোগ করলে মিটার ফেরত দেওয়ার শর্তে টাকা চাওয়া হয়। বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানোর পরই বলে দেওয়া হয় মিটার কোথায় আছে।
বগুড়ার নন্দীগ্রামে এই চক্রের মূল হোতা আক্কাস আলীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কাহালু উপজেলার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে। মিটার চুরির পর কথা বলা এবং আর্থিক লেনদেন করার কাজে ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিজ বাড়ি থেকে আক্কাসকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানা-পুলিশ।
আজ শনিবার তাঁকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই জিয়াউর রহমান জানান, আক্কাস আলী সহযোগীদের নিয়ে বগুড়া সদর, কাহালু, নন্দীগ্রাম, শাজাহানপুর ও নাটোর জেলার বিভিন্ন এলাকায় সেচপাম্পের বৈদ্যুতিক মিটার চুরি করে আশপাশে লুকিয়ে রাখেন। তাঁরা একটি মোবাইল নম্বর লিখে ঘটনাস্থলে চিরকুট ফেলে যান। ভুক্তভোগীরা ওই নম্বরে যোগাযোগ করলে চক্রের সদস্যরা জানান, তাঁদের চাহিদামতো টাকা না পাঠালে চুরি করা মিটার তাঁরা ভেঙে ফেলবেন। ভুক্তভোগী টাকা পাঠালে চুরি যাওয়া মিটার কোথায় আছে, সেটি তাঁরা বলে দেন।
সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চামটা মৌজার পুনাইল পূর্ব মাঠে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইউপি সদস্য ইব্রাহিম আলী মণ্ডলের গভীর নলকূপের মিটার ও ইউসুফ আলী কাজীর মিটার চুরি যায়। সংঘবদ্ধ চক্র নলকূপের দরজার সঙ্গে মোবাইল নম্বর লেখা চিরকুট সেঁটে দিয়ে যায়। ওই নম্বরে যোগাযোগের পর নগদের মাধ্যমে ৭ হাজার টাকা পাঠানোর পর তাঁদের তথ্য অনুযায়ী সরিষাখেতে লুকানো অবস্থায় মিটার দুটি পাওয়া যায়।
এ ঘটনায় ইউপি সদস্য ইব্রাহিম আলী থানায় মামলা করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশ গতকাল আক্কাস আলীকে গ্রেপ্তার করে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬